এইচএসসির ফলে শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪৫
এইচএসসির ফলের ভিত্তিতে সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এর মধ্যে এক হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী পাবেন সাধারণ বৃত্তি।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের ৯টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে। মঙ্গলবার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এইচএসসিতে বৃত্তির কোটা বণ্টন করে আদেশ জারি করা হয়েছে।
এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।
জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। এজন্য অনলাইন সুবিধা সম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির সাত দিনের মধ্যে ব্যাংক হিসেব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বলতে হবে।
আগামী বৃহস্পতিবারের (১৬ মার্চ) মধ্যে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকাসহ গেজেট প্রকাশ করতে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডকে বলেছে শিক্ষা অধিদপ্তর।
ইউডি/এ

