বাংলাদেশে বিনিয়োগে আমেরিকা আগামীতেও ১ নম্বর থাকবে : পিটার হাস

বাংলাদেশে বিনিয়োগে আমেরিকা আগামীতেও ১ নম্বর থাকবে : পিটার হাস

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৩০

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমেরিকা এক নম্বরে আছে এবং ভবিষ্যতেও এই স্থান ধরে রাখবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশে বিদেশি বিনিয়োগে নাম্বার ওয়ান। আগামীতেও আমাদের বিনিয়োগের এই ধারা অব্যাহত থাকবে। আমরা এ দেশে বিদেশি বিনিয়োগে এক নম্বরই থাকব।’

বুধবার (১৫ মার্চ) ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের (ইউএমপিএল) ৫৮৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেলের বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে রাষ্ট্রদূত এ কথা বলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন আমেরিকান দূতাবাসের অর্থনৈতিক ইউনিটের প্রধান জোসেফ গিবলিন, ইউএমপিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চৌধুরী নাফিজ সরাফাত, চেয়ারম্যান মো. নূর আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জহির উদ্দিন মোল্লা এবং জিই (জেনারেল ইলেকট্রিক) গ্যাস পাওয়ার দক্ষিণ এশিয়ার সিইও দীপেশ নন্দা।

সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে বিদ্যুৎকেন্দ্রে গিয়ে পৌঁছেন পিটার হাস। সেখানে চৌধুরী নাফিজ সরাফাত তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। বিদ্যুৎকেন্দ্রের অফিস প্রাঙ্গণে পৌঁছানোর পর পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা টিম পিটার হাস ও অন্যান্য অতিথিদের নিরাপত্তা সরঞ্জাম দেয়। বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান জিই গ্যাস পাওয়ারের সাইট ম্যানেজার কালুম ডেভিড কর্নফর্থ রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকল্পের সর্বশেষ অবস্থার বর্ণনা দেন।

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৫৮৪ মেগাওয়াট গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড ও জিই-এর কনসোর্টিয়াম ২০১৮ সালের ২৫ জুন জিইকে এ প্রকল্পের ঠিকাদার বা ইপিসি নিযুক্ত করে। পরে নেব্রাস পাওয়ার কিউপিএসসির প্রতিষ্ঠান নেব্রাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভি ২৪ শতাংশ ইকুইটি অংশীদারত্ব নিয়ে প্রকল্পে যুক্ত হয়।প্রকল্পের উদ্যোক্তাদের সঙ্গে সরকার ও পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) বাস্তবায়ন চুক্তি (আইএ), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডি) সঙ্গে পিপিএ (পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট) এবং ২০১৯ সালের ২৪ জুলাই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তি (জিএসএ) হয়। উদ্যোক্তা কোম্পানির সঙ্গে ২০১৯ সালের ৩০ আগস্ট টার্ন-কি ভিত্তিতে আমেরিকার জেনারেল ইলেকট্রিকের (জিই) ঠিকাদারি চুক্তি হয়। জিই এই বিদ্যুৎকেন্দ্রের মূল যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

প্রকল্প উদ্যোক্তাদের ২৫ শতাংশ ইকুইটি বিনিয়োগ রয়েছে। প্রকল্প ব্যয়ের বাকি ৭৫ শতাংশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (সুইস ইসিই-এসইআরভি কভার লেন্ডার), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (ডিইজি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) দিয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৯২ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে প্রকল্পটি বাণিজ্যিকভাবে বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত হাসকে প্রকল্পটির সর্বশেষ অবস্থা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জানানো হয়। রাষ্ট্রদূতকে জানানো হয়, ইউএমপিএলের মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রটি সব আইন মেনে নির্মাণকাজ পরিচালনা করছে। প্রকল্পটি সামাজিক ও পরিবেশগতভাবে আন্তর্জাতিক উচ্চ মান বজায় রাখছে। প্রকল্প কোম্পানি পুনর্বাসন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং প্রকল্পের ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন এবং উন্নত জীবিকা নিশ্চিত করার জন্য জীবিকা পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। প্রকল্প সংস্থাটি বেশ কয়েকটি সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে সুবিধাবঞ্চিতদের মাসিক ভাতা, নদীঘাট নির্মাণ এবং ঘাটের অ্যাপ্রোচ রাস্তা, দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, গ্রামবাসীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading