বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির মূল্য বৃদ্ধি নয়, পারফরম্যান্স বোনাস বন্ধ

বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির মূল্য বৃদ্ধি নয়, পারফরম্যান্স বোনাস বন্ধ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১৬:০০

বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির মূল্য বৃদ্ধি করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মুজিবর রহমান মিঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সেই সঙ্গে ওয়াসার কর্মচারীদের পারফরম্যান্স বোনাসও বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ রায়ের ফলে পানির দাম বিধি না করে বাড়াতে পারবে না সংস্থাটি। তবে এর আগের যে সমস্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে সেগুলোতে এ রায় কোন প্রভাব ফেলবে না।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিধি প্রণয়ন ছাড়া পানির মূল্য নির্ধারণ ১৯৯৬ সালের ওয়াসা আইনের ২১ ও ২২ ধারার পরিপন্থী। ওয়াসা সংবিধিবদ্ধ সংস্থা, কোম্পানি নয়। যে কারণে ওয়াসার কর্মীরা প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মচারীরা জাতীয় পে-স্কেল অনুসারে বেতন-ভাতাদি পেয়ে থাকেন। তাই ওয়াসার কর্মীরা কোনো ‘পারফরম্যান্স বোনাস’ ও ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ (উৎসাহ বোনাস) পেতে পারেন না। হাইকোর্ট আজ দুটি রিট নিষ্পত্তি করে।

এর আগে গতবছরের ১৬ আগস্ট বিধি প্রণয়ন না করে ওয়াসার পানির মূল্য বৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা ওয়াসার কর্মকর্তাদের কোনো প্রকার প্রণোদনা দেওয়ার উপর ছয় মাসের নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছিল।

হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading