সরকার হটাতে আন্দোলনের বিকল্প নেই : দুদু
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১৭:১৫
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বর্তমান সরকার দেশের সম্পদ লুট করতে করতে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাই এ সরকার পতনের আন্দোলনে আসুন সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি। এ ছাড়া অন্য কোনো পথ নেই।’
বৃহস্পতিবার (১৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে মৎস্যজীবী দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুর রহিমের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।
শামসুজ্জামান দুদু বলেন, ‘কর্তৃত্ববাদী শাসক সব সময় নির্লজ্জ হয়। ওদের লজ্জা শরম বলতে কিছু থাকে না। ওরা চোখের ওপরে এত মিথ্যা কথা, এত লুটপাট করতে পারে, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এটা সম্ভব না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টে বুধবার বিএনপি আইনজীবী ও সাংবাদিকদের যেভাবে পিটিয়েছে, এটা অকল্পনীয় একটা ঘটনা। দেশের সর্বোচ্চ বিচারালয়ে এভাবে গুণ্ডামি হয়, এটা ভাবা যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি করে ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, ‘দেশের সবচেয়ে গ্রহণযোগ্য সম্মানিত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, রুহুল কবির রিজভী, মীর সরফত আলী সপু, যুবদলের মুন্নাসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় জেলে। তাদের মুক্তি দিন, তা-না হলে এদেশের জনগণ জেলের তালা ভেঙে তাদের মুক্ত করবে।’
ইউডি/এ

