কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় ঋণ নিচ্ছে ক্রেডিট সুইস

কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় ঋণ নিচ্ছে ক্রেডিট সুইস

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৪৫

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় অংকের ঋণ নিচ্ছে দেশটির বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুইস। সুইস ন্যাশনাল ব্যাংক থেকে ৪৫ বিলিয়ন পাউন্ড বা ৫৪ বিলিয়ন ডলার ধার নিতে যাচ্ছে তারা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিশ্বব্যাংকের অংশীদার গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক ক্রেডিট সুইস এ ঘোষণা দিয়েছে। দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ব্যাংক নিয়ন্ত্রকরা জানিয়েছেন, সংকটাপন্ন ব্যাংকিং জায়ান্টদের সহায়তা করতে প্রস্তুত তারা। সেই লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্প্রতি হঠাৎ আমেরিকার অন্যতম বৃহত্তম সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকের পতন ঘটেছে। সেই রেশ না কাটতেই ক্রেডিট সুইসে ধস নামার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এতে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আর্থিক খাতে বিনিয়োগে শঙ্কিত তারা। তাদের আস্থা ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছে নাজুক ব্যাংকগুলো। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে ক্রেডিট সুইস।

সম্প্রতি নিজেদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে বৈশ্বিক ব্যাংকটি। তাতে ব্যাপক লোকসান দেখা যায়। পরে অন্যান্য ব্যাংকের শেয়ার দর ২৪ শতাংশ কমে যায়। ফলে শেয়ারবাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এক বিবৃতিতে ক্রেডিট সুইস ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উলরিচ কোরনার বলেন, গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করে এমন ব্যাংকিং সুবিধা নেয়া হচ্ছে। আমরা সামনে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।

ইতোমধ্যে প্রয়োজনে ক্রেডিট সুইসকে সাহায্য করতে প্রস্তুতির কথা জানিয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক এবং সুইস ফাইন্যান্সিয়াল মার্কেট সুপারভাইজরি অথরিটি।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিনিয়োগকারীদের ভীত অবস্থাকে শান্ত করার চেষ্টা করছে সুইজারল্যান্ডের বড় ব্যাংকগুলো।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading