জন্মতারিখ ভুল, রেগে আগুন কঙ্গনা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ২১:১৫
কাউকে ছেড়ে কথা বলেন না কঙ্গনা রণৌত। যখন তখন যাকে তাকে খোঁচা দিয়ে কথা বলেন। এবার তিনি রাগ ঝাড়লেন বামপন্থীদের ওপর। উইকিপিডিয়ায় তার জন্মতারিখ ভুল দেখেই বামপন্থীদের ওপর চটেছেন তিনি। ইন্ডিয়ান সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি উইকিপিডিয়ার বিরুদ্ধে তার সম্পর্কে বিকৃত তথ্য পরিবেশন করার অভিযোগ এনেছেন কঙ্গনা। তার জন্মদিন ও জীবনের অন্যান্য বিষয়ে উইকিপিডিয়া ভুল তথ্য দিয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর। ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা জানান, উইকিপিডিয়া দেখাচ্ছে তার জন্মদিন মার্চ মাসের ২০ তারিখ, কিন্তু তারিখটি আসলে ২৩ মার্চ হবে।
নিজের জন্মদিন সম্পর্কে ভুল তথ্য দেখে রেগে কঙ্গনা লেখেন, ‘বামপন্থীরা উইকিপিডিয়া পুরোপুরি হাইজ্যাক করে নিয়েছে। আমার জন্মদিন, উচ্চতা, আরও নানা তথ্যের বেশির ভাগই ভুলভাল। যতবার সংশোধনের চেষ্টা করেছি, আবার বিকৃত করা হয়েছে। অনেক চ্যানেল, ফ্যান ক্লাব, শুভাকাঙ্ক্ষীরা আমায় ২০ তারিখের জন্য শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেছে।’
তিনি আরও লেখেন, ‘আমি অবশ্য এতে কিছু মনে করি না, কিন্তু অনেকেই তো বিভ্রান্ত হন। আমি জন্মদিন পালন করছি ২৩ তারিখ, এ দিকে উইকিপিডিয়া বলছে ২০ তারিখ। দয়া করে উইকির কথা শুনে চলবেন না। পুরো ভুলভাল এবং বিভ্রান্তিকর।’
ইউডি/এ

