খালি কলসি বেশি বাজার মতো অবস্থা বিএনপির: ইনু
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ২১:৪৫
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ভোট নিয়ে সংবিধানের বাইরে কোনো আলোচনা হবে না।’
‘এই সরকারের অধীনে ভোট করব না, মরণ কামড় দেওয়া হবে’ বক্তব্য প্রসঙ্গে ইনু বলেন, ‘এসব হলো বিএনপির ফাঁকা আওয়াজ। খালি কলসি বেশি বাজার মতো অবস্থা বিএনপির।’
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে ইনু বলেন, ‘জনগণ ও তরুণ সমাজের প্রতি যদি এত আস্থা থাকে তবে ভোটে এসে আমাদের হারিয়ে দিন। ভোট থেকে দূরে থেকে ফাঁকা আওয়াজ দেবেন না।’
এ সময় ইনু আরও বলেন, ‘নিত্যপণ্যের দাম বৃদ্ধির সঙ্গে বাজার সিন্ডিকেটের কারসাজি আছে, তবে সেটা শক্ত হাতে দমন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
পরে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মণ্ডল, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুরের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ার্দার।
ইউডি/এ

