ছদ্মবেশে বিমানবন্দর থেকে বের হতে চেয়েছিলেন মাহি!
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৩০
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি ছদ্মবেশ ধারণ করে বিমানবন্দর থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন। এমনটাই ধারণা তাকে গ্রেফতার অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
বিমান থেকে বোরকা পরে নামেন তিনি। এছাড়া তাকে হুইল চেয়ারে বসে বিমানবন্দর থেকে বের হতে দেখা যায়। মাহিকে বিমানবন্দর থেকে বের করে আনার একটি ভিডিও ফুটেজে দেখা যায় এসব ঘটনা।
তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়টি জেনে যাওয়ার কারণে তিনি এই বেশ ধারণ করে থাকতে পারেন বলে মনে করছেন পুলিশ সদস্যরা।
এদিকে বিমানবন্দরে হুইল চেয়ারে বসে থাকলেও মাহিকে যখন আদালতে নেওয়া হয় তখন সেই চেয়ার আর দেখা যায়নি। আদালত থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলারও চেষ্টা করেন।
পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার (১৮ মার্চ) দুপুরে মাহিয়া মাহিকে গ্রেফতার করে পুলিশ।
বেলা ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে নেওয়া হয় বাসন থানায়। সেখান থেকে আদালতে হাজির করা হয় মাহিকে।
গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানো আদেশ দেন। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়।
এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।
ইউডি/এ

