পূর্ব ঘোষণা ছাড়াই রাশিয়ানদের দেশে ফেরত পাঠাচ্ছে আমেরিকা

পূর্ব ঘোষণা ছাড়াই রাশিয়ানদের দেশে ফেরত পাঠাচ্ছে আমেরিকা

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৪৫

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাশিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ইউএস প্রশাসন এ প্রক্রিয়া শুরু করল। শনিবার (১৮ মার্চ) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরপরই আমেরিকা এমন উদ্যোগ নিয়ে কিছুদিন পর তা বাতিল করেছিল। তবে যুদ্ধের এক বছরের মাথায় সেই উদ্যোগ আবারও চালু করেছে আমেরিকা। তবে কোনো ঘোষণা দেয়নি দেশটি।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক রাশিয়ান যুবক অভিবাসন নিয়ে কাজ করা এক আমেরিকান অধিকার গোষ্ঠীর শরণাপন্ন হন। তিনি জানান, তাকে জোরপূর্বক আমেরিকা থেকে বের করে দেওয়ার তোড়জোড় চলছে। এর পরপরই আমেরিকার উদ্যোগের বিষয়টি সামনে আসে। সেই যুবকের মতো অনেকেই রাশিয়া থেকে পালিয়ে আমেরিকা এসেছিলেন গত বছর। এ স্রোত আরও শক্তিশালী হয় যখন রাশিয়া অতিরিক্ত সেনা মোতায়েনের জন্য পারশিয়াল মোবিলাইজেশন শুরু করে।

পরে সেই যুবকসহ আরও কয়েকজনকে সাম্প্রতিক সময়ে আমেরিকা থেকে জোরপূর্বক রাশিয়ায় ফেরত পাঠায় দেশটির প্রশাসন।

বিষয়টি নিয়ে আমেরিকার ফেডারেল প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই বা আইস) বলেছে, ‘ইউএস অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কার্যকরভাবে অভিবাসন আইন প্রয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন অনুসারে আইস বাণিজ্যিক এয়ারলাইনস এবং চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে অ-নাগরিকদের দেশ থেকে বের করে দেওয়ার অধিকার রাখে।’

ইউএস অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আরও জানিয়েছে, নির্দেশনা অনুসারে তারা আইস রাশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠাচ্ছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading