সামনের চাকা ফেটে রেলিং ভেঙে খাদে পড়ে বাসটি

সামনের চাকা ফেটে রেলিং ভেঙে খাদে পড়ে বাসটি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৫:১৫

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। কুতুবপুরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে রোববার (১৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, ‘আমরা দেখেছি বাসটির সামনের ডান চাকা ফেটে গেছে। সড়কের রেলিং ভেঙে বাসটি উড়ে নিচে সংযোগ সড়কের খাদে পড়ে যায়। এ কারণে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।’

স্থানীয়রা জানিয়েছে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। তাৎক্ষণিকভাবে বাসটি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। এছাড়া ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

এসপি মাসুদ আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে যান্ত্রিক ত্রুটি, অতিরিক্ত গতি ও সামনের ডান পাশের চাকা ফেটে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ তদন্ত কমিটি করবে। তদন্ত কমিটি বাসটির ফিটনেস, চালকের লাইসেন্স এসব জেনে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত বলতে পারবে। ওই বাসটির চালক বা তার সহকারী কে ছিলেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। হতাহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading