ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত দিলেন বুবলী

ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত দিলেন বুবলী

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৯:১৫

কয়েকদিন আগেই ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন এক প্রযোজক। এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন রহমত উল্ল্যাহ নামের ওই প্রযোজক।

তারই পরিপ্রেক্ষিতে ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে থানায় গেলেন শাকিব খান। শনিবার (১৮ মার্চ) রাতে গুলশান থানায় উপস্থিত হন শাকিব খান। তবে পুলিশ মামলাটি নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই মোতাবেক আদালতে যাবেন শাকিব।

শাকিব খান বলেন, “রহমত উল্ল্যাহ নামে যিনি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করছেন তিনি আসলে এ ছবির আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম, যা চুক্তিপত্রেও লিখিত আছে। বানোয়াট মিথ্যাচার করেছেন তিনি। অনেক লোক এতে জড়িত। আমার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। এ কারণে আমি ভুয়া প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।”

এমন পাল্টাপাল্টি অভিযোগ চলাকালেই রোববার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে মুখ খুলেছেন শবনম বুবলী। বলে রাখা ভালো, “সুপার হিরো” নায়িকা হিসেবে তিনিও এখানে প্রাসঙ্গিক। কারণ, রহমত উল্ল্যাহ’র অভিযোগে বলা হয়, ধর্ষণ চেষ্টার ওই ঘটনায় ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় আটক হয়েছিলেন শাকিব খান। তবে ভুক্তভোগী পরে আর এগিয়ে না আসায় অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বিষয়ে আর কোনো ব্যবস্থা নেয়নি।

মূলত, ২০১৮ সালে “সুপার হিরো” সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন শাকিব-বুবলী। রহমত উল্ল্যাহর অভিযোগ অনুযায়ী এই সিনেমার শুটিংয়ের সময় গ্রেপ্তার হয়েছিলেন শাকিব খান।

যদিও নিজের ফেসবুক পোস্টে মামলা-গ্রেপ্তারের প্রসঙ্গ তোলেননি বুবলী, বরং ওই সফরের আতিথেয়তার স্মৃতিচারণ করেন তিনি।

এ চিত্রনায়িকা জানান, ২০১৮ সালে “সুপার হিরো” সিনেমার শুটিংয়ের সময় অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সরকারের তৎকালীন সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে শাকিব খানসহ অন্যান্য শিল্পী-কুশলীদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে পরিচালক আশিকুর রহমানসহ তারা সেখানে গিয়ে অস্ট্রেলিয়া সরকারের আতিথেয়তা উপভোগ করে আসেন।

বুবলী বলেন, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ হয়েছিলাম। ছবিটির অস্ট্রেলিয়ায় শুটিংয়ের ব্যাপারে তারা অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করেছি। ‘সুপার হিরো’ ছবির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, এর জন্য দুজন মন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা করার আশ্বাসও তারা দিয়েছেন।”

সবশেষে এ চিত্রনায়িকা বলেন, “সুন্দর এবং সম্মানের অভিজ্ঞতা বরাবরই স্বচ্ছ এবং সত্য।”

বুবলী, সরাসরি কিছু না বললেও নেটিজেনদের ধারণা, শাকিব খান অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন এমন তথ্য সঠিক নয় প্রমাণ করতেই বুবলী এই পোস্ট করেছেন। আবার অনেকের মনে প্রশ্ন, গ্রেপ্তারের ঘটনা মনে করিয়ে দিতে শাকিব খানের কাটাঘাঁয়ে নুনের ছিটা দিতে ভিন্নপথ বেছে নিলেন না তো বুবলী? ঘটনা যেটিই হোক, শাকিব-অপু-বুবলী ত্রয়ী দ্বন্দ্বে যে নতুন টুইস্ট আসছে তা সহজেই অনুমেয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading