শিবচরের বাস দুর্ঘটনায় ইমাদ কোম্পানির বিরুদ্ধে মামলা

শিবচরের বাস দুর্ঘটনায় ইমাদ কোম্পানির বিরুদ্ধে মামলা

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১১:০০

মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানির ঘটনায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার (২০ মার্চ) রাতে থানায় শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার বাদী হয়ে এ মামলা করেন। সোমবার (২০ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন।

ওসি জানান, রোববার ভোরে খুলনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুরে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের নিচে পড়ে গিয়ে আন্ডারপাস সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরও পাঁচ জন।

এ ছাড়া বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। বাসটির যান্ত্রিক ত্রুটি আর বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে উল্লেখ করে থানায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করে হাইওয়ে পুলিশ—জানান তিনি।

এদিকে, মরদেহ প্রথমে রাখা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরিচয় শনাক্তের পর বুঝিয়ে দেওয়া হয় পরিবারের কাছে। আর নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার ও আহতদের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেয় জেলা প্রশাসন। এই দুর্ঘটনায় নিহত ১৯ জনের মধ্যে ১৭ জনের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে সাত জনই গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার, খুলনার চারজন। এ ছাড়া ফরিদপুর, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া ও পাবনা জেলার একজন করে।

তারা হলেন- গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকার তৈয়ব আলীর ছেলে হেদায়েত মিয়া, বনগ্রাম এলাকার শামসুল শেখের ছেলে মোসতাক আহম্মেদ, সদর উপজেলার নশর আলী শেখের ছেলে সজীব শেখ, পাচুরিয়া এলাকার মাসুদ হোসেনের মেয়ে সুইটি আক্তার, টুঙ্গিপাড়ার কাঞ্চন শেখের ছেলে করিম শেখ, সদর উপজেলার আবু হেনা মোস্তফার মেয়ে আফসানা মিমি, মুকসেদপুর এলাকার আমজেদ আলীর ছেলে মাসুদ আলী, খুলনার সোনাডাঙ্গা এলাকার শেখ মোহাম্মদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন, খুলনা সাউথ মেন্টাল রোড এলাকার চিত্তরঞ্জন ঘোষের ছেলে চিন্ময় প্রসুন ঘোষ, ডুমুরিয়া এলাকার পরিমল সাদু খায়ের ছেলে মহাদেব কুমার সাদু খাঁ, আমতলা এলাকার শাহজাহান মোল্লার ছেলে আশফাকুর জাহান লিংকন, বাগেরহাট জেলার শান্তি রঞ্জন মজুমদারের ছেলে অনাদি মজুমদার, ফরিদপুর হিদাডাঙ্গা এলাকার সৈয়দ মুরাদ আলীর ছেলে মো. ইসমাইল, নড়াইল লোহাগড়া এলাকার বকু শিকদারের ছেলে ফরহাদ শিকদার, বাসের চালক ব্রাহ্মণবাড়িয়ার আলী আকবরের ছেলে জাহিদ হাসান ও বাস সুপারভাইজার মো. মিরাজ এবং বাসের হেলফার পাবনা সুজানগর এলাকার গহর আলীর ছেলে ইউসুপ আলী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading