গমের দাম নিম্নমুখী
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১৪:১৫
আন্তর্জাতিক বাজারে গমের দাম নিম্নমুখী হয়েছে। সোমবার (২০ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দর কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, আবারও কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া ও ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি করার চুক্তির মেয়াদ বেড়েছে। ফলে বিশ্ববাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এতে গমের দর হ্রাস পেয়েছে।
এদিন সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য কমেছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৭ ডলার ০১ সেন্টে।
ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের কৃষি ব্যবসা অর্থনীতিবিদ ফিন জিবেল বলেন, ‘কৃষ্ণসাগর খাদ্যশস্য রপ্তানি চুক্তির সময়কাল বাড়তে যাচ্ছে। এ নিয়ে খুব বেশি সন্দেহ ছিল না। এদিন গমের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। আমি মনে করি, রুশ-ইউক্রেনীয় চুক্তির সম্প্রসারণ ভোগ্যপণ্যটির দামের ওপর চাপ সৃষ্টি করছে।’
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ফলে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ ব্যাহত হয়। সেই সংকট কাটাতে গত বছরের জুলাইয়ে কৃষ্ণসাগর বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানি করার চুক্তি করে রাশিয়া ও ইউক্রেন।
পরে ওই বছরের নভেম্বরে সেই মেয়াদ আরও বাড়ে। যার সময়কাল ২০২৩ সালের ১৮ মার্চ শেষ হয়। সেদিনই রুশ-ইউক্রেনীয় খাদ্যপণ্য রপ্তানির মেয়াদ আরও বাড়ানো হয়েছে। সেটা কমপক্ষে ৬০ দিন। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এবং তুরস্কের মধ্যস্থায় তা সম্ভব হয়েছে। এতে বিশ্ববাজারে খাদ্যশস্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে।
ইউডি/এ

