গুপ্তধনের লোভে মর্টার-শেল কাটার চেষ্টা, বিস্ফোরণে বিচ্ছিন্ন যুবকের পা

গুপ্তধনের লোভে মর্টার-শেল কাটার চেষ্টা, বিস্ফোরণে বিচ্ছিন্ন যুবকের পা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ২১:০০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিত্যক্ত মর্টার-শেল বিস্ফোরণে বাবু মিয়া (৪০) নামে এক ব্যক্তির ডান পা বিচ্ছিন্ন ও বাম পা ঝলসে গেছে।

মঙ্গলবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা পরিত্যক্ত মর্টার-শেলটি মুক্তিযুদ্ধের সময়কার।

আহত বাবু মিয়া উপজেলার দেওয়ানের খামার এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। পেশায় তিনি গাড়ির মিস্ত্রি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বাবু মিয়ার মামা আব্দুল গফুর মাটি কাটার কাজ করেন। একই এলাকার আজিজ কমান্ডার এর বাড়ির পাশে পুকুরের মাটি কাটার সময় একটি ভারি লোহার বস্তু দেখতে পায় আব্দুল গফুর। গুপ্তধন ভেবে গোপনে এনে বাবুকে দেন তিনি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাবু তার বসতঘরে লোহা কাটার মেশিন দিয়ে মর্টার-শেলটি কেটে গুপ্তধন বের করতে গেলে বিস্ফোরিত হয়। মর্টার-শেলটি বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী ফিলিং স্টেশনে গিয়ে পড়ে। এতে বাবুর ডান পা হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাঁ পা ঝলসে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত বাবু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এ ঘটনার পর থেকে বাবুর মামা গফুর পলাতক রয়েছেন।

ভূরুঙ্গামারী কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মর্টার-শেলটি পরিত্যক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading