সিরিজ নির্ধারণী ওয়ানডে আজ: মুশফিকের মতো আবারও জ্বলে উঠার অপেক্ষায় টাইগাররা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১২:৫০
নিজেদের আগ্রাসী ব্র্যান্ড ধরে রাখার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। সম্প্রতি ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং সব নিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন টাইগাররা। আয়রল্যান্ডের বিপক্ষে সবশেষ পরিত্যক্ত হওয়া ম্যাচে দেশের হয়ে দ্রুততম শতক হাঁকিয়েছিলেন মুশফিক। দুর্দান্ত ছন্দে আছেন সাকিব-লিটন-শান্ত তাসকিনরা। আজ সিরিজ নির্ধারণী ম্যাচেও মুশফিকের মতো আবারও জ্বলে উঠবে টাইগাররা বলছেন ক্রীড়া বিশ্লেষকগণ। এ নিয়ে আসাদ এফ রহমান’র প্রতিদবেদন
আগ্রাসী ক্রিকেটে নিজেদের ছাড়িয়ে যাওয়ার ম্যাচ: প্রথম ওয়ানডেতে রেকর্ড জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের ৬০ বলে অপরাজিত ১০০ রানের সুবাদে ওয়ানডেতে ৬ উইকেটে ৩৪৯ রানে সর্বোচ্চ সংগ্রহ পায় বাংলাদেশ। সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিক। মুশফিকের ব্যাটিং বুঝিয়ে দিয়েছে- ইন্ডিয়ায় আসন্ন বিশ্বকাপের জন্য দল তৈরি করার লক্ষ্যে এখন থেকেই কিভাবে ওয়ানডে ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ৩৩৮ রান করে বাংলাদেশ। ম্যাচে রান বিবেচনায় নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ১৮৩ রানের জয় পায় টাইগাররা। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সামনে লড়াই করতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজ সমতায় শেষ করার সুযোগ এখনও আছে আয়ারল্যান্ডের। এই সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশ দল যে ধরনের ক্রিকেট খেলেছে তাতে সিরিজ হার এড়ানো কঠিন আয়ারল্যান্ডের জন্য। সব মিলিয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে, আয়ারল্যান্ডের জয় ২টিতে। বাকী ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশের পক্ষে ৪০০ রানও করা সম্ভব: আয়ারল্যান্ড বিপক্ষে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। এদিন টসে হেরে ব্যাট করতে নেমে ৩৪৯ রানের পাহাড় গড়েছে মুশফিক-তামিমরা। যা টাইগারদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান। তবে অনেক মাইলফলক গড়ার ম্যাচটি যায় বৃষ্টির পেটে। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ বলেন, এখানকার উইকেট অনেকটা দক্ষিণ আফ্রিকার মতো। দারুণ বাউন্স, রাতে শিশিরের কারণে বল দ্রুত হয় এবং স্ট্রোক খেলা যায়। এখানে থিতু হলে ইনিংস বড় খেলা উচিত। এখানে ৪০০ রান করা সম্ভব। অবশ্যই সম্ভব। বড় রান করার সম্ভব সে ব্যাখ্যা দিয়ে আফ্রিকান কিংবদন্তি পেসার ডোনাল্ড বলেন, জুটি বড় করতে হবে। প্রথম ম্যাচে সাকিব-হৃদয়ের জুটি বড় করার সুযোগ ছিল। হৃদয়ের সঙ্গে মুশফিকের জুটি হলেও তা বড় হয়নি। দ্বিতীয় ম্যাচে লিটন দাস, নাজমুল শান্ত এবং হৃদয়রা ভালো ইনিংস খেললেও জুটি বড় হয়নি। তিনি যোগ করে আরও বলেন, প্রথম ম্যাচে দু’জন ৯০ রানের জুটি দিয়ে আউট হয়েছে। পরের ম্যাচে ৭০ রানের জুটি হয়েছে। মুশফিক অবশ্য দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন। আমাদের ওই জুটিগুলো বড় করতে হবে। শেষ ১০ ওভারের জন্য হাতে ছয়-সাতটা উইকেট রাখতে হবে। যেন আমরা রান নিতে পারি। তাহলে চারশ’ সম্ভব। এতে সন্দেহ নেই।

র্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি মুশফিকের: বাহারি সব শটের পসরা বসিয়ে আগের ম্যাচেই ব্যাটিং তাøব দেখিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে সেটির পূর্ণতা দিতে পারেননি তিনি। প্রথম ওয়ানডের আক্ষেপ মিটিয়েছেন পরের ম্যাচে। আইরিশ বোলারদের তুলোধুনো করে চোখ ধাঁধানো সব শটে তুলে নেন সেঞ্চুরি। মাত্র ৬০ বলে একশ ছুঁয়ে ছাড়িয়ে যান সাকিব আল হাসানকে। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি তুলে নেয়ার ফল পেয়েছেন আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়েও। বুধবার (২২ মার্চ) আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মুশফিক। রেকর্ড সেঞ্চুরির পর অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার উঠে এসেছেন ১৮তম স্থানে। বাংলাদেশের ব্যাটারদের মাঝে সেরা অবস্থানে রয়েছেন মুশফিক।

আইরিশদের গেম প্লানের কেন্দ্রে টাইগার উইকেটকিপার: আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হলেও এই ম্যাচে ৬০ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। এমন ইনিংসের পর প্রশংসায় ভাসছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। এই ইনিংস খেলার পথে ১৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন মুশফিক। এই টাইগার ব্যাটার দ্বিতীয় ওয়ানডেতে সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন আইরিশ পেসার কার্টিস ক্যাম্ফারের ওপর। তার করা ৬০ বলের মধ্যে মুশফিক মোকাবেলা করেছেন ১৫টি বল। রান তুলেছেন ২৯।
তিনি মুশফিকের ইনিংসের প্রশংসা করেছেন। ক্যাম্ফার মনে করেন এই ম্যাচে মুশফিক তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। তিনি বলেন, আমার মতে, (মুশফিকের ইনিংস বর্ণনা করার জন্য) সঠিক শব্দটা হবে খুবই ইমপ্যাক্টফুল ইনিংস। সে ক্লাস ক্রিকেটার। সে দেখিয়েছে কেন সে এত দিন ধরে এত ভালো করছে। সে যেভাবে খেলাটি প্রভাবিত করেছে, উইকেটে গিয়েই স্বাধীনভাবে ব্যাটিং করেছে, কিছু দৃষ্টিনন্দন শট, কিছু উদ্ভাবনী শট খেলেছে- বাংলাদেশের জন্য যা খুব ভালো ছিল।সিরিজের শেষ ম্যাচে তাই মুশফিককে দ্রুতই ফেরাতে চান ক্যাম্ফার। তিনি বলেন, ‘সে আমাদের চাপে ফেলে দিয়েছিল। দুই ম্যাচে সে এটি করল। সে অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় ক্রিকেটার। আশা করি, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে তার স্কিলের সঙ্গে লড়াই করার পথ খুঁজে পাব।
মানসিকতার পরিবর্তনে ব্যাটিংয়ে সাফল্যের মন্ত্র: স্লগ ওভারে সর্বশেষ কবে বাংলাদেশ এত দারুণ ব্যাটিং করেছিল, এ প্রশ্নের উত্তর পাওয়াটা বেশ কঠিন। উত্তর মিলুক বা না মিলুক, সম্প্রতি বাংলাদেশের ব্যাটিং সবার নজর কাড়তে বাধ্য। দলের এ পরিবর্তনকে মানসিকতার উন্নতি দেখছেন কোচ ও সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের ব্যাটিং নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। সমালোচনার জবাবে ব্যাটারদের ব্যাটে শুধুই রান ফোয়ারা। যার প্রমাণ আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ। দুটিতেই তিনশর বেশি রান তুলেছে। শুধু তাই নয়, ছিল রেকর্ড সংগ্রহ। প্রথম ম্যাচে ৩৩৮-এর রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে ৩৪৯।
টানা দুই ম্যাচে তিনশ বাধা টপকানোকে মানসিকতার পরিবর্তন উল্লেখ করে ক্রিকেট কোচ মিজানুর রহমান বাবুল গণমাধ্যমকে বলেন, ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন হয়েছে। সেটাই তাদের ব্যাটিংয়ে উন্নতির কারণ। খেলোয়াড়দের দেখে মনে হয়েছে সবাই রানের জন্য ক্ষুধার্ত। তরুণ তাওহিদ হƒদয়, অভিজ্ঞ মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্তর ছন্দে ফেরাটা তার নজর কেড়েছে। তাদের নিয়ে এখন আরও বেশি আশাবাদী বাবুল ‘হƒদয়, মুশফিক ও শান্ত দারুণ খেলেছে।

পেস বোলিংয়ে ইতিবাচক পরিবর্তন আনতে চান ডোনাল্ড: ইংল্যান্ড সিরিজের পর পেসারদের ফর্ম অব্যাহত আছে আয়ারল্যান্ড সিরিজেও। তিন ফরম্যাটেই পেসাররা দায়িত্ব নেন, ম্যাচ জেতান। ফলে এমন পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তবে তিনি জানালেন বাহবা পেতে তিনি আসেননি এখানে, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি। একইসাথে পেসারদের বোলিংয়ে আরও ইতিবাচক পরিবর্তন আনতে চান আফ্রিকান এই কিংবদন্তি পেসার। শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসে বুধবার (২২ মার্চ) ডোনাল্ড বলেন, কোচ হিসেবে আমরা এখানে বাহবা নিতে আসিনি, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি। আমি অনেক সাক্ষাৎকারে বলেছি, এখানে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এরপর ক্রিকেটাররা সেটাতে বিশ্বাস করতে পারে অথবা অন্তত চেষ্টা করে এরপর তারা আগ্রহী না হতে পারে। তিনি আরও বলেন, আমি যেটা বলছি, এটা দেখা অসাধারণ যেভাবে পুরো একটা গ্রুপের ছেলেরা, শুধু গত ম্যাচে যারা খেলেছে, তারাই নয়। এখানে যারা নেই তারাও। হাসান মাহমুদ, শরিফুল, খালেদ; সবাই এই যাত্রার অংশ। এটা খুবই ভালো লাগছে। এটা দেখা অসাধারণ যে নতুন এপ্রোচ ও ভাবনার সঙ্গে মানিয়ে নিয়েছি। আফ্রিকান এই কিংবদন্তি পেসার আরও বলেন, এটা সম্মিলিতভাবে দুর্দান্ত পারফরম্যান্স।
‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে খেললে সাকিবের ১০-১২ হাজার রান থাকত’
বিশ্বক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয়ের ভূমিকা রেখে চলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের ইতিহাসে তাকে সেরা ক্রিকেটার হিসেবেও সাব্যস্ত করা হয়। কয়েকদিন আগেই টাইগার ক্রিকেটের এই সুপারস্টার আরেকটি রেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক ওয়ানডেতে ৭ হাজার রানের সঙ্গে তিনি শিকার করেছেন ৩০০ উইকেট। আর এমন কীর্তি গড়ার পরই দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে সাকিবের হাতে শুভেচ্ছাস্বরূপ একটি ক্রেস্ট তুলে দিয়েছেন। বুধবার (২২ মার্চ) বিসিবির অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হাথুরু। এ সময় টাইগারদের এই ওস্তাদ জানিয়েছেন, সাকিবের জন্য এই মাইলফলক গড়া মোটেও সহজ ছিল না।
হাথুরু বলছিলেন, সাকিব, আমি জানি বেশিরভাগ সময়ে বাংলাদেশের খেলা এমন প্রতিপক্ষের সঙ্গে ছিল; যাদের বোলিং অ্যাটাক অনেক ভালো। যদিও গত ৫-৬ বছরে সেই পরিস্থিতি বদলে গেছে। তবে যখন তুমি ক্যারিয়ার শুরু করেছিলে তখন এটা সহজ ছিল না। ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার হয়ে খেললে সাকিবের রান ১০-১২ হাজার থাকত বলেও বিশ্বাস হাথুরুর, এখানে (বাংলাদেশে) এত রান করা সহজ নয়। যদি তুমি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে, তাহলে তোমার যে প্রতিভা তাতে তোমার রান থাকত ১০ বা ১২ হাজার। যদিও এটা খুব বড় অর্জন (৭০০০ ওয়ানডে রান), খুব ভালো করেছো।

জয় দিয়ে সমতা আনতে চায় আইরিশরা: এদিকে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি রাঙাতে চায় আইরিশ বাহিনী। আয়ারল্যান্ড ক্রিকেট দলের সহকারী কোচ গ্যারি উইলসন বলেছেন, সত্যি বলতে আমি বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে চিন্তিত নই। তবে আমরা কীভাবে ঘুরে দাঁড়াতে পারি, সেটি নিয়ে ভাবছি। মুশফিক দারুণ পারফরমেন্স করেছে। বাংলাদেশের অনেক ভালো ক্রিকেটার রয়েছে। কিন্তু আমরা নজর দিচ্ছি কীভাবে নিজেদের উন্নতি করা যায়। শেষ ম্যাচটা ভালো করতে চাই। গ্যারি উইলসন আরও বলেছেন, বাংলাদেশের স্পিন নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম। তবে মাঠে দেখলাম পেসাররাও ভালো করছেন। বিশেষ করে তাসকিন ভালো করছেন, মোস্তাফিজের দারুণ রেকর্ড রয়েছে। সবকিছুই আমরা জানতাম। এখন আমরা এগুলো বিশ্লেষণ করে শেষ ম্যাচটির জন্য প্রস্তুতি নিচ্ছি।
ইউডি/কেএস

