মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মানহানির মামলায় রাহুল গান্ধীর কারাদণ্ড
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১৩:০০
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় দুই বছরের সাজা দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে আপিল করার জন্য তাকে ৩০ দিনের জামিন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩মার্চ) গুজরাটের সুরাটের একটি আদালত রাহুলের বিরুদ্ধে এই রায় দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিতর্কিত মন্তব্য করেন রাহুল। তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন গুজরাটের এক বিধায়ক। সুরাটের আদালতে সেই মামলার শুনানি চলছিল চার বছর ধরে।

এর আগে মামলার রায়কে কেন্দ্র করে রাহুল গান্ধী বৃহস্পতিবার সকালে গুজরাটের সুরাতে গিয়ে পৌঁছান। সেখানে রাজ্যের নেতারা তাঁকে স্বাগত জানান।
রাহুলের আগমণ উপলক্ষে গুজরাট রাজ্যের কংগ্রেস নেতা–কর্মী–সমর্থকেরা শহরের বিভিন্ন এলাকায় ব্যানার–ফেস্টুন নিয়ে অবস্থান নেন। কারও কারও হাতে রাহুলকে ‘শের–ই–হিন্দুস্তান’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। নেতা–কর্মীরা স্লোগান দেন, ‘বিজেপির একনায়কের কাছে কংগ্রেস কখনো মাথা নত করবে না।’
ইউডি/এ

