নতুন সময়সূচিতে চলছে অফিস-ব্যাংক
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ মার্চ ২০২৩ । আপডেট ১১:১৫
পবিত্র রমজান মাসের পুরো সময়ে ব্যাংকের লেনদেন চলবে প্রতিদিন পাঁচ ঘণ্টা করে। সরকারি-বেসরকারি সব ব্যাংকে সকাল সাড়ে নয়টা থেকে একটানা বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চালু থাকবে। তবে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অর্থাৎ ব্যাংকগুলো লেনদেন পরবর্তী সময়ে আনুষঙ্গিক কাজ সম্পন্ন হবে।
গত বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ওই প্রজ্ঞাপনে নতুন এ সময়সূচি উল্লেখ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, রোজায় রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে নয়টা থেকে একটানা বেলা আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। রমজান মাস অতিবাহিত হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সাধারণ সময়ে সব ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কাজের জন্য অফিস খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রমজান মাস উপলক্ষে অফিস ও লেনদেন সূচিতে পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক।
ইউডি/এ

