খারাপের দিকে যাচ্ছে ঢাকার বায়ুর মান
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ১৪:৪৫
গত কয়েকমাস ধরে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষস্থানে জায়গা দখল করে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। তবে মাঝে অবস্থার উন্নতি হলেও এখন পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে। চলতি সপ্তাহে যেখানে মান ভালো হয়ে ২৩ নম্বরে পৌঁছেছিল ঢাকা, সেখানে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে রাজধানীর অবস্থান দেখা গেছে তৃতীয় দূষিত বায়ুর শহরের তালিকায়।
এ দিন সকাল ১০টায় ঢাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৩। যাকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। অথচ একদিন আগে ঢাকার অবস্থান ছিল পঞ্চম, স্কোর ছিল ১৬০।
আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে দেখা গেছে পাকিস্তানের লাহোরের অবস্থান। শহরটির স্কোর ২১২। পাশাপাশি দ্বিতীয় অবস্থানে আছে থাইল্যান্ডের শহর চিয়াংমাই, স্কোর ২০৬। এছাড়া চতুর্থ অবস্থানে থাকা চীনের উহানের স্কোর ১৬৮। আর ভারতের রাজধানী দিল্লি আছে পঞ্চম স্থানে, সেখানকারও স্কোর ১৬৭।
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি- বছরের চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এরমধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়।
বাতাসের মান অনুসারে ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
ইউডি/এ

