‘সংলাপ নয়, অনানুষ্ঠানিক আলোচনার জন্য বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে’

‘সংলাপ নয়, অনানুষ্ঠানিক আলোচনার জন্য বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ১৪:৩০

সংলাপের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। বরং অনানুষ্ঠানিক আলোচনার জন্য দলটিকে চিঠি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২৮ মার্চ) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফ করার সময় প্রধান নির্বাচন কমিশনার এমন মন্তব্য করেন।

গত বছরের শুরুতে হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় সংলাপ করে। তবে বিএনপি এবং এর মিত্র রাজনৈতিক দলগুলো কোনো সংলাপে অংশ নেয়নি। বিএনপিকে না পাওয়ার পর সিইসি হাবিবুল আউয়াল বলেছিলেন, তারা সংলাপ ও দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে এই দলগুলোকে আমন্ত্রণ জানিয়েই যাবেন।

বিএনপি এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। এর বাইরে কোনো বিষয় নিয়ে ইসির সঙ্গে সংলাপে যেতে নারাজ তারা। ইসি বলছে, নির্বাচনকালীন সরকার কেমন হবে, তা ঠিক করার এখতিয়ার তাদের নেই। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, নির্দলীয় সরকার ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। এমন অবস্থার মধ্যে ২৩ মার্চ বিএনপিকে সংলাপে অংশ নেওয়ার জন্য ইসির পক্ষ থেকে ফের চিঠি দেওয়া হয়। আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য সুবিধামত সময়ে বৈঠক করতে বিএনপিকে চিঠি দেয় নির্বাচন কমিশন।

এমন অবস্থায় সিইসি জানালেন, ‘বিএনপিকে নির্বাচন কমিশন সংলাপে আমন্ত্রণ জানায়নি৷ অনানুষ্ঠানিক আলোচনায় ডাকা হয়েছে। এই আমন্ত্রণ সরকারের সঙ্গে আলোচনা করেও হয়নি। এটা কোনো কুটকৌশল নয়।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading