পুঁজিবাজার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলেছে : বিএসইসি চেয়ারম্যান
উত্তরদক্ষিণ । শনিবার, ০১ এপ্রিল ২০২৩ । আপডেট ১৩:৪৫
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়াম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, ‘পুঁজিবাজার তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে।’
তিনি বলেন, ‘পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আনার জন্য বিভিন্ন দেশে যে রোড শো আয়োজন করা হয়েছিল, সেগুলোর সুফল আসতে শুরু করেছে। বিদেশি বিনিয়োগকারীরা নানা বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।’
শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজ মুহাম্মাদ হাসান বাবু, পরিচালক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, রুবাবা দৌলা, শাকিল রিজভী, শরীফ আনোয়ার, বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন, আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক একে এম সাইফুর রহমান, সিএসই’র ভারপ্রাপ্ত ব্যস্থাপনা পরিচালক গোলাম ফারুক, ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মৃধা, সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন। সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী ।

ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মাদ হাসান বাবু বলেন, ‘আমাদের বাজারে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রয়োজন। তাই আমরা আরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আমাদের পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট বা যুক্ত করার চেষ্টা করব। অনেক বড় বড় বিনিয়োগকারী যারা এখনো বাজারকে পর্যবেক্ষণ করছেন, আমরা তাদের কাছে যাব। আমরা তাদের পুঁজিবাজারে নিয়ে আসার চেষ্টা করব। তাদের পুঁজিবাজারে আসতে যেসব সহযোগিতা দরকার আমরা তা করব।’
ইউডি/এ

