রমজান ও ঈদ ঘিরে বাড়তি নিরাপত্তায় র্যাব-পুলিশ
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:১৫
রমজান ও ঈদ সামনে রেখে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন শপিং মল ও মার্কেটগুলোতে বেড়েছে জনসমাগম। নগরবাসী ঈদ উৎসবের কেনাকাটায় ব্যস্ত। নগরবাসীর চলাচল ও কেনাকাটা নির্বিঘ্নে করতে পারে সেজন্য সমগ্র রাজধানীর নিরাপত্তায় কাজ করছে র্যাব-পুলিশ সদস্যরা।
মোবাইল, মোটরসাইকেল ও টাকা চুরি-ছিনতাইসহ নানা অপরাধ ঠেকাতে রমজান শুরুর আগে থেকেই বিশেষ তৎপরতা শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র্যাব। চলবে ঈদ পর্যন্ত।
বিশেষ করে রাজধানীর বিভিন্ন শপিং মল ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ওঁৎ পেতে থাকা পকেটমার ও ছিনতাইকরীদের দৌরাত্ম্য বন্ধ করতে রমজানের শুরু থেকে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর সব কয়টি থানা পুলিশকে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, রেলস্টেশন, সদরঘাট, শপিংমলসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আইনশৃঙ্খলা বাহিনীর টহল রাখা হচ্ছে। রাজধানীর প্রবেশ ও বহির্গমন পথেও থাকছে পুলিশের চেকপোস্ট। ঈদের কেনাকাটা করতে যাওয়া জনসাধারণ ও বিভিন্ন ব্যবসায়ীর নিরাপত্তায়ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করছে পুলিশ ও র্যাব সদস্যরা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে র্যাবের প্রতিটি ব্যাটালিয়ন কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরবাসীর নিরাপত্তায় কাজ করবে ডিএমপির ৫০টি থানা। এছাড়া অজ্ঞান ও মলম পার্টি, ছোঁ মারা পার্টি, বিভিন্ন সড়কে ও মোড়ে মোড়ে কিংবা বিভিন্ন শপিং মলে ইভটিজারদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়োজিত থাকবে সাদা পোশাকের পুলিশ। শপিং মলে আসা নারী ক্রেতা এবং বিভিন্ন শপিংমলে কর্মরত নারী বিক্রেতাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থায় দায়িত্বে থাকবেন নারী পুলিশের সদস্যরাও। রয়েছে মোটরসাইকেলে থাকা টহল টিমও।
রাজধানীর বিভিন্ন শপিংমল বা মার্কেটগুলোতেও সন্দেহভাজনদের তল্লাশি যেমন চালানো হচ্ছে, সড়কেও বসানো হয়েছে তল্লাশি চৌকি। মানুষ যাতে যাতায়াত এবং কেনাকাটা শেষে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, সে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
রমজান শুরুর আগেই বিভিন্ন ব্যবসায়ী ও গণপরিবহন মালিকদের সঙ্গে মতবিনিময় করেছে থানা পুলিশ ও ডিএমপি’র ট্রাফিক বিভাগ।
রাজধানীর নিরাপত্তার বিষয়ে ডিএমপি অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে নগরীর নিরাপত্তায় নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চুরি, ছিনতাই, পকেটমার, মলমপার্টি, অজ্ঞানপার্টির হাত থেকে রাজধানীবাসীকে রক্ষা করতে বিশেষ অভিযান চলছে। ডিএমপি’র বিভিন্ন ইউনিটের সদস্যরা মার্কেট ও শপিংমলে নিরাপত্তা দেয়া এবং যানজট নিরসনে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন।
ইউডি/এ

