পুরো বিশ্বে গণতন্ত্র এখন হুমকির মুখে : সাই ইন-ওয়েন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৬:২০
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন-ওয়েন আমেরিকার প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠকের বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এটি দেখিয়েছে যে তার দ্বীপ ‘‘বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয়’’। একই সঙ্গে তিনি বলেছেন, পুরো বিশ্বে গণতন্ত্র এখন হুমকির মুখে। যদিও এরই মধ্যে আমেরিকার হাউস স্পিকারের সঙ্গে সাইয়ের সাক্ষাতের বিষয়ে দৃঢ় প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে চীন।
যদিও বেইজিংয়ের হুমকিকে মোটেও তোয়াক্কা করছে না আমেরিকা। শুধু আমেরিকার হাউস স্পিকারই নয়, ক্যালিফোর্নিয়ার শীর্ষ রিপাবলিকান নেতারাও তাইওয়ানের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের সঙ্গেও আলাপ করেছেন।
সিমি ভ্যালির রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে সাংবাদিকদের সাই বলেন, ‘সবার উপস্থিতি ও অটল সমর্থন তাইওয়ানের জনগনকে আশ্বস্ত করে যে আমরা বিচ্ছিন্ন নই এবং আমরা একাও নই।’
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকেলে এক প্রতিবেদেনে এসব তথ্য জানিয়েছে এনডিটি।
তিনি আরও বলেন, ‘এটা কোনো গোপন বিষয় নয় যে আমরা শান্তি বজায় রেখেছি এবং গনতন্ত্র গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেছি। কিন্তু তা আজ অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমরা আবারও এমন এক বিশ্বে নিজেদেরকে আবিষ্কার করেছি যেখানে গণতন্ত্র হুমকির মুখে।’
এ সময় তাইওয়ানের পাশে থাকায় আমেরিকার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সাই। বিপরীতে সাইকে ‘আমেরিকার একজন মহান বন্ধু’ হিসেবে বর্ণনা করেছেন ম্যাকার্থি।
এদিকে সাই ইন-ওয়েনের আমেরিকা সফরের প্রতিক্রিয়ায় পশ্চিম তাইওয়ানের কাছে প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরি শানডংকে মহড়ায় নিযুক্ত করেছে চীন।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সংসদে বলেন, চীনের বিমানবাহী রণতরি তাইওয়ানের পূর্ব উপকূল থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দূরে ছিল।
চিউ বলেন, ‘এটি মহড়া হলেও মাথায় রাখতে হবে যে সময়টি বেশ সংবেদনশীল।’
পরে তিনি আইনপ্রণেতাদের বলেন, তাইওয়ানের যুদ্ধজাহাজগুলো ৫ থেকে ৬ নটিক্যাল মাইল দূরত্বে রণতরিটিকে পর্যবেক্ষণ করছে।
শানডং হলো চীনের প্রথম অভ্যন্তরীণভাবে নির্মিত বিমানবাহী রণতরি। বুধবার তাইওয়ানের দক্ষিণে বাশি চ্যানেলের মধ্য দিয়ে এবং চীনা নৌবাহিনীর বেশ কয়েকটি অন্য জাহাজের সঙ্গে এটি প্রশান্ত মহাসাগরে যাত্রা করেছিল।
চীনের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল টাইমস বলেছে, সমুদ্র অপারেশন এবং চীনের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত শানডং।
ইউডি/এ

