প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৬:৩৫
মহান স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্মকে ‘প্রশ্নবিদ্ধ ও কটাক্ষ করা হয়েছে’ অভিযোগ এনে পত্রিকাটির নিবন্ধন (সার্কুলেশন) বাতিলের দাবি তুলেছে শিক্ষক-শিল্পী ও অভিনেতাদের একাংশ। পাশাপাশি কেউ দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হলে তার সর্বোচ্চ শাস্তি বিধানের জন্য আইন প্রণয়ণের দাবিও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা –সচেতন নাগরিক সমাজ’- এর ব্যানারে আওয়ামীপন্থি শিক্ষক-শিল্পী ও অভিনেতারা মানববন্ধন করেন। এতে মুক্তিযোদ্ধা ঐক্যমঞ্চ, বাংলাদেশ চারুশিল্পী সংঘ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, গৌরব-৭১, সম্প্রীতি বাংলাদেশ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বিচ্ছু বাহিনী, স্লোগান-৭১, জাতীয় ওলামা সমাজের পাশাপাশি বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়। জাতীয় সংগীতের মাধ্যমে এই মানববন্ধন কর্মসূচির উদ্বোধন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান প্রথম আলোর প্রতিবেদনটি ‘বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিশেষ উদ্দেশ্য নিয়ে উসকানি দিতে তারা এই অপকর্মে লিপ্ত হয়েছে। তাই আমরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবন দর্শনে উজ্জ্বীবিত হয়ে শিল্প-সংস্কৃতির মানুষদের নিয়ে সোচ্চার হয়েছি, যা আমাদের মৌলিক দায়িত্ব। আমরা দাবি জানাই, যারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘ওই প্রতিবেদনকে শুধু অপসাংবাদিকতা বলব না, একইসঙ্গে এই প্রতিবেদনটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপরও আঘাত। সুপরিকল্পিত ওই প্রতিবেদনে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কটাক্ষ করা হয়েছে, উপহাস করা হয়েছে। একে কী স্বাধীনতা বলে? এ ধরনের স্বাধীনতা দেশের কোনো নাগরিকের থাকা উচিত নয়।’
যারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বীকৃত ইতিহাসকে অস্বীকার বা অবমূল্যায়ন করবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য নতুন একটি আইন প্রণয়ণের দাবি জানান তিনি।
‘স্বাধীনতা –সচেতন নাগরিক সমাজ’- এর ব্যানারে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে শরিক হন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালাল, চিত্রশিল্পী মনিরুজ্জামান, চিত্রনায়ক রিয়াজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, তানভীন সুইটি, শামীমা তুষ্টি, আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করসহ আরও অনেকে।
ইউডি/এ

