জাতিসংঘের সিএসডব্লিউর সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

জাতিসংঘের সিএসডব্লিউর সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৬:৫০

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৮ মেয়াদের জন্য জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের (সিএসডব্লিউ) সদস্য নির্বাচিত হয়েছে। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্কের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের পাশাপাশি বেলজিয়াম, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, মালি, রোমানিয়া, বলিভিয়া, ব্রাজিল ও কলম্বিয়াও এই সংস্থার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।

নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিত বলেন, ‘বাংলাদেশ লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের রোল মডেল। এই নির্বাচন লিঙ্গ সমতা, নারীর অধিকার এবং ক্ষমতায়নে বাংলাদেশের অর্জনের স্বীকৃতিস্বরূপ।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিগত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য এবং রাজনৈতিক প্রতিনিধিত্বে লিঙ্গবৈষম্য হ্রাস এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে বাংলাদেশ। লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন কর্মসূচিকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। সিএসডব্লিউর সদস্য হিসেবে নির্বাচন বিশ্বব্যাপী লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন তুলে ধরা এবং অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে আমাদের সর্বোত্তম অনুশীলনগুলি ভাগ করার নিমিত্তে একটি অনবদ্য প্ল্যাটফর্ম দেবে।’

৪৫টি সদস্য নিয়ে গঠিত সিএসডব্লিউ জাতিসংঘের প্রধান বৈশ্বিক আন্তঃসরকারি সংস্থা, যা লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য বিশেষভাবে কাজ করে থাকে।

প্রতিবছর জাতিসংঘ সদর দপ্তরে এই অঙ্গসংস্থাটির একটি দুই সপ্তাহব্যাপী অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় এর সদস্য রাষ্ট্র, সুশীল সমাজ এবং অন্য অংশীজনরা বিশ্বব্যাপী লিঙ্গ সমতা অর্জনের অগ্রগতি মূল্যায়ন, এ ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলি চিহ্নিতকরণ, বৈশ্বিক মান নির্ধারণ এবং বিশ্বব্যাপী লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জন্য একত্রে মিলিত হয়।

এর আগে বাংলাদেশ ২০১৯-২০২৩ মেয়াদেও এই কমিশনের সদস্য হিসেবে কাজ করেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading