সংসদে প্রধানমন্ত্রী: নাম তার প্রথম আলো, বাস করে অন্ধকারে
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ । আপডেট ১৩:৩৫
জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে সোমবার (১০ এপ্রিল) সমাপনী ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন ও ফটোকার্ডের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেছেন, প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। এছাড়াও আমেরিকার পররাষ্ট্রনীতি, ড. ইউনূস সহ বেশ কিছু বিষয়ে তিনি খোলামেলা কথা বলেন। প্রধানমন্ত্রীর ভাষণের চুম্বক অংশ নিয়ে সাদিত কবির’র প্রতিবেদন
আওয়ামী লীগের, গণতন্ত্রের ও দেশের মানুষের শত্রু প্রথম আলো: স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি খবরের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা ছোট্ট শিশুর হাতে ১০টা টাকা দিয়ে একটা মিথ্যা বলানো, শিশুর মুখ থেকে কিছু কথা বলানো, কী কথা! ভাত-মাছ-মাংসের স্বাধীনতা চাই। একটা সাত বছরের শিশু। তার হাতে ১০টা টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে সেটা প্রচার করে স্বনামধন্য এক পত্রিকা খুবই পপুলার, নাম তার প্রথম আলো, কিন্তু বাস করে অন্ধকারে। তিনি বলেন, প্রথম আলো আওয়ামী লীগের শত্রু। প্রথম আলো গণতন্ত্রের শত্রু। প্রথম আলো দেশের মানুষের শত্রু (এ সময়ে সংসদে ‘সেম সেম’ শব্দ শোনা যায়)। আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে, এরা এই দেশে কখনোই স্থিতিশীলতা থাকতে দিতে চায় না। সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনা ১৪৭ বিধির সাধারণ প্রস্তাব ও অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বলেন, কিছু বুদ্ধিজীবী, ও যারা ‘বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করেন’ তারা, ‘সামান্য কিছু পয়সার লোভে’ অগণতান্ত্রিক ধারা আনতে এদের (প্রথম আলো) তাবেদারি ও পদলেহন করে। সংসদ নেতা বলেন, (প্রথম আলো) দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। এখন দেখা যায়, দুর্নীতির বিরুদ্ধে সাজাপ্রাপ্ত তাদের পক্ষ হয়ে তারা ওকালতি করে যাচ্ছে। গণতন্ত্রকে বাদ দিয়ে তারা এমন একটা সরকার আনতে চাচ্ছে যার কোনো গণতান্ত্রিক অস্তিত্বই থাকবে না।

মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পেলেন ড. ইউনূস?
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম আলোর অবস্থান নিয়েও সমালোচনা উঠে আসে প্রধানমন্ত্রী বক্তব্যে। তিনি বলেন, ২০০৭ সালে যখন ইমার্জেন্সি (জরুরি অবস্থা) হয়, তখন তারা উৎফুল্ল। দুটি পত্রিকা আদাজল খেয়ে নেমে গেল। তার সঙ্গে আসেন একজন সুদখোর (ড. মুহম্মদ ইউনূস), বড়ই প্রিয় আমেরিকার।
ড. ইউনূসের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, একটা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকারের বেতন তুলতেন যে এমডি, তিনি মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পেলেন যে আমেরিকার মত জায়গায় সামাজিক ব্যবসায় বিনিয়োগ করলেন? দেশে বিদেশে এ অর্থ কোথা থেকে আসে, এটা জিজ্ঞেস করেছে কখনও তারা? এদের কাছ থেকে দুর্নীতির কথা শুনতে হয়! দুর্নীতির বিরুদ্ধে জিহাদ, এদের কাছ থেকে মানবতার কথা শুনতে হয়! তিনি বলেন, গরিবের রক্ত চোষা টাকা পাচার করে বিদেশে বিনিয়োগ করে শত কোটি টাকার মালিক হয়ে আবার আন্তর্জাতিক পুরষ্কারও পেয়ে যায় এবং এসব লোক এদেশে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে।
আমেরিকা চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পারে: শেখ হাসিনা তার বক্তৃতায় আমেরিকার ভূমিকারও সমালোচনা করেন। তিনি বলেন, আমেরিকা তাদের গণতন্ত্র চর্চা করে আটলান্টিকের পাড় পর্যন্ত। এটা পার হয়ে গেলে আপনাদের গণতন্ত্রের সংজ্ঞাটা কি পাল্টে যায়? কেন আপনারা একটা মিলিটারি ডিকটেটরকে সমর্থন দিচ্ছেন? আমি এ প্রশ্নটা (প্রথম আমেরিকা সফরের কথা তুলে ধরে) করেছিলাম, আজকেও বলি। শেখ হাসিনা বলেন, যে দেশটা আমাদের কথায় কথায় গণতন্ত্রের ছবক দেয়, আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন কোদন করছেন, ওঠবস করছেন, উৎফুল্ল হচ্ছেন। হ্যাঁ, তারা যে কোনো দেশে ক্ষমতা উল্টাতে পারে, পাল্টাতে পারে। বিশেষ করে মুসলিম দেশগুলোতে আরও বেশি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রের আমাদের যে এত জ্ঞান দিচ্ছে, কথায় কথায় ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এর কথা বলে, তাদের দেশের অবস্থাটা কী? একইসঙ্গে ‘গণতন্ত্র ও উন্নয়ন’ প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অভিজ্ঞতা খুবেই বিচিত্র। আমরা আইয়ুব আমল দেখেছি। ইয়াহিয়া আমল দেখেছি। জিয়ার আমল দেখেছি। জেনারেল এরশাদের আমল দেখেছি। খালেদা জিয়ার আমলও দেখেছি।
এ সময় আমেরিকা সফরে একটি বৈঠকের প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, আমেরিকায় যখন প্রথমবার যাই, সেখানকার আন্ডার সেক্রেটারির সঙ্গে আমার মিটিং হয়েছিল। বলেছিলাম, আমি একটি মনুমেন্ট দেখে এসেছি। সেখানে লেখা আছেÍ গভর্নমেন্ট অব দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। আমি এমন একটি দেশ থেকে এসেছি, সেদেশটি হচ্ছে গভর্নমেন্ট অব দ্য আর্মি, বাই দ্য আর্মি, ফর দ্য জেনারেল। বলেছিলাম, আমেরিকা গণতন্ত্র চর্চা করে তাদের আটলান্টিকের পাড় পর্যন্ত। এটা যখন পার হয়ে যায়, তখন কি আপনাদের গণতন্ত্রের সংজ্ঞাটা বদলে যায়? কেন আপনারা একটা মিলিটারি ডিকটেরকে সমর্থন দিচ্ছেন? আমি এই প্রশ্নটি করেছিলাম।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সরকারকে স্থিতিশীলতা দেয়: সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনীর দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেকেরেই আপত্তি। যারা এই আপত্তির কথা তুলছেন, তাদের বোধহয় অভিজ্ঞতার অভাব আছে। এই ৭০ অনুচ্ছেদটাই কিন্তু আমাদের দেশে সরকারের একটা স্থায়ীত্বের সুযোগ এনে দিয়েছে। যার ফলে দেশটা উন্নতি করতে সক্ষম হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের ফ্লোর ক্রস করার কারণে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকার টিকতে পারেনি। এর আগে ১৯৪৬ সালেও একই খেলা হয়েছিল। যার কারণে আমাদের পূর্ব বাংলাটা যেভাবে গঠন হওয়ার কথা, সেভাবে হয়নি। এটা ১৯৫৬ সালের নির্বাচনেও হয়েছিল। পরে মার্শাল ল এসে ক্ষমতা দখল করে। কাজেই এই ৭০ অনুচ্ছেদটাই একটি সুরক্ষা দেয় গণতন্ত্রকে সুসমুন্নত করতে, সংহত করতে। আর এর সুফল জনগণ পেতে পারে। জানি না, কেন কিছু কিছু সদস্য এর ওপর এত রাগ। কারণ হচ্ছে, সরকার ভাঙতে-গড়তে বা খেলাটা খেলতে তারা সক্ষম হচ্ছে না। এটাই হচ্ছে বাস্তবতা।

২৯ আসন পেয়ে বিএনপি ‘এতবড় দল’ হয়ে গেলো!
বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, এখন নির্বাচন নিয়ে অনেক কথা বলছেন। ২০০৮ সালের নির্বাচন নিয়ে তো কোনও প্রশ্ন ওঠেনি। যে বিরোধী দলকে বড় বিরোধী দল বলা হয়, তারা ২০০৮ সালে ২৯টি সিট পেয়েছিল। তারা যদি এত বড়ই বিরোধী দল হয়ে থাকে, তাহলে ২৯টি সিট পেলো কেন? তারা এতবড় দল কোত্থেকে হয়ে গেলো। আর সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে সেই দলের চেয়ারপারসন। হত্যা-গুম-খুন-দুর্নীতি-জঙ্গিবাদ-সবকিছুতেই যারা পারদর্শী ছিল। তাদের জন্য দেশের মানুষ আতঙ্কে থাকতো। এখন তাদেরকে নিয়ে এত উৎফুল্লতা শুরু করছে। এটাই হচ্ছে দুর্ভাগ্য। বঙ্গবন্ধু হত্যার পর দেশের ইতিহাস বিকৃতি করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতার ইতিহাস যেমনভাবে বিতর্কিত করা হয়েছিল, দেশের অনেক প্রজš§ সঠিক ইতিহাস জানতে পারেনি। মুক্তিযুদ্ধ ও লাখো শহীদের আত্মত্যাগের ইতিহাস বদলানো হয়েছিল। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনি। আজকে বাংলাদেশে গণতন্ত্র স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলেই উন্নয়নটা সম্ভব হয়েছে। এছাড়া যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তারা দেশ ও জাতিকে কী দিতে পেরেছে? কিছুই দিতে পারেনি। নিজেদের ভাগ্য গড়তে পেরেছে। দুর্ভাগ্য হচ্ছে আজকে তাদের কাছে থেকেও আমাদের গণতন্ত্রের কথা শুনতে হয়। তাদের থেকে আমাদের গণতন্ত্রের শিক্ষা নিতে হয়।’

এ সময় বিএনপি ও বর্তমান সরকারের আমলে উন্নয়নের তুলনার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপির আমলে ডিজিটাল-সেবা সেন্টার ছিল ৮টি, আর এখন এক হাজার ১৭৮টি। ওয়ান স্টপ সেন্টার আগে ২টি ছিল, এখন ৮ হাজার ৮২৫টি। বিএনপির আমলে সরকারি ওয়েবসাইট ছিল ৯৮টি। আর আওয়ামী লীগ আমলে ৫১ হাজার ৬৭৮টি।
তিনি বলেন, ‘১৪ বছরে বাংলাদেশে বিরাট পরিবর্তন সম্ভব হয়েছে। এরপরও যদি কেউ উন্নয়ন না দেখে, আর সরকার কিছুই করেনি বলে, এর চেয়ে দুঃখজনক আর কিছুই না। তবে যা কিছু করি, তেলা মাথায় তেল দেওয়া নয়। জনগণের জন্য করি। সাধারণ মানুষের জন্য করি, গ্রামের মানুষের জন্য করি। দেশের মানুষ ভালো আছে, এটা সব থেকে বড় কথা।’
ইউডি/আতা/কেএস

