গুম-খুন করে ক্ষমতায় টিকে আছে সরকার: মির্জা ফখরুল

গুম-খুন করে ক্ষমতায় টিকে আছে সরকার: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ এপ্রিল ২০২৩ । আপডেট ১৬:৩০

গুম-খুন করে সরকার রাষ্ট্রক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গোটা দেশ আজ বধ্যভূমিতে পরিণত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুম, খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের কথা শোনেন বিএনপি নেতারা।

গুম, খুন নির্যাতনে নিপীড়নের শিকার হওয়া ও তাদের পরিবারের কান্না কখনো বৃথা যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিজয় আমাদের হবেই।’ গুম হওয়া বাবার কন্যা সাফার কথা স্মরণ করিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সাফার বলার পর কথা বলার কোন অবকাশ থাকে না। তার একটি ছবি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। এখানে গুম, শহীদ হওয়া অনেকের স্বজনরা বলেছেন, অনেক বছর ধরে তারা তাদের ভাইকে, বাবাকে দেখতে পান না, কথা বলতে পারেন না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের গঠনটা এরকম, একদিকে সন্ত্রাস আরেকদিকে দুর্নীতি। এদুটো নিয়েই তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। স্বাধীনতার পরবর্তী সময়ে এরা সাদা গাড়িতে করে লোক তুলে নিয়ে গিয়ে গুম করেছে। শহীদ পরিবারদের কান্না কখনো বৃথা যেতে পারে না। বিজয় আমাদের হবেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এ গুম খুনের মধ্যে তারা চুপ করে বসে থাকবে না। তারা নেমে পড়েছে। ইতোমধ্যে আমাদের সম্মুখে আন্দোলন করতে গিয়ে ১৭ জন প্রাণ দিয়েছেন।’

মির্জা ফখরুল বলেন, মানবাধিকার লঙ্ঘন, গুম, খুনের অভিযোগ তুলে আমেরিকা, ইইউ, জাতিসংঘ সবাই কথা বলছে। আমেরিকা মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‌্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই কর্মকর্তাদের সরকার পুরস্কৃত করেছে। ‘উন্নয়নের নামে এই শাসকগোষ্ঠী বৈষম্য সৃষ্টি করেছে। একদিকে তারা বাড়ি গাড়ির মালিক হয়েছে। ব্যাংকের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি করে বিলাসী জীবনযাপন করছে। অন্যদিকে সাধারণ মানুষ দুই বেলা দুমুঠো খাবারের জন্য সংগ্রাম করছে। তবুও পাচ্ছে না। কারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হাতের নাগালের বাইরে।’ যোগ করেন ফখরুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading