ঈদযাত্রা : মোটরসাইকেল পারাপারে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল শুরু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ । আপডেট ১০:৩০
ঈদকে কেন্দ্র করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মোটরসাইকেল ও যাত্রী পারাপার শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে ১৬৯টি মোটরসাইকেল নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ফেরি ‘কলমিলতা’।
বুধবার (১৯ এপ্রিল) থেকে ঈদের ছুটি শুরু হলেও দুর্ভোগ এড়াতে আগেভাগেই ঘরে ফিরছেন যাত্রীরা। প্রথমদিনেই মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ লাগবে আজ থেকে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে মোট দুটি ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হবে। চাপ বাড়লে ফেরি সংখ্যা বাড়ানো হবে। প্রতি তিন ঘণ্টা পরপর শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাবে।
তিনি আরও বলেন, শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) ব্যবহার করা হবে। মোটরসাইকেল পারাপারে ভাড়া ১৫০ টাকা এবং যাত্রী পারাপারে ৩০ টাকা। ঈদ পরবর্তী প্রয়োজন সাপেক্ষে ও নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে।
ইউডি/এ

