বিএনপি বিদেশিদের আজ্ঞাবহ হয়ে ক্ষমতায় যেতে চায়: বাহাউদ্দিন নাছিম
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ । আপডেট ২০:০০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘স্বৈরশাসকের পকেট থেকে জন্ম নেওয়া বিএনপি দুর্নীতির বিচার চায় না। তারা দেশের মানুষকে পাশ কাটিয়ে অগ্নিসন্ত্রাস করে, দেশকে অস্থিতিশীল করে বিদেশিদের আজ্ঞাবহ হয়ে ক্ষমতায় যেতে চায়। আবারও বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে চায়। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে তাদের ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’
বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দুর্নীতির রাজপুত্র তারেক রহমানের দুর্নীতির বিচার কাজ যখন শুরু হয়েছে তখন মির্জা ফখরুল সাহেব বলছেন তারেক রহমানকে রাজনীতির বাইরে রাখার জন্য বিচার হচ্ছে। আমরা বলতে চাই, তারেক রহমান ও বিএনপির এত ভয় কিসের? তারা দুর্নীতি করেছে জেনেই বিচারকার্য বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তারা চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ জেনেই তদের গঠনতন্ত্রে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তকে রাখার ধারা সংযোজন করেছে। এই দুর্নীতিবাজ তারেক রহমানের দুর্নীতির বিচার বাংলার মাটিতে হবে। কোনও অপশক্তি বিচার বন্ধ করতে পারবে না।’
তিনি বলেন, জাতির পিতার আদর্শে তার কন্যা শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। যারা মানুষের জন্য কাজকে বাধাগ্রস্ত করছে তাদের জনগণকে সঙ্গে নিয়ে আমরা মোকাবিলা করবো।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।
ইউডি/এ

