ইয়েমেনে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে ৭৮ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ । আপডেট ০৯:০০
ইয়েমেনের রাজধানী সানায় ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) রাতে ঘটেছে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী এবং একজন হুতি বিদ্রোহী কর্মকর্তার বরাত এবিসি নিউজ জানিয়েছে, বুধবার মাঝ রাতে ইয়েমেনের রাজধানীতে আর্থিক সহায়তা প্রদানের একটি অনুষ্ঠানে বন্দুকযুদ্ধ ও বৈদ্যুতিক বিস্ফোরণে আতঙ্কিত মানুষের ভিড়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবদেল-রহমান আহমেদ এবং ইয়াহিয়া মোহসেন বলেছেন, সশস্ত্র হুতিরা ভিড় নিয়ন্ত্রণের জন্য বাতাসে গুলি চালিয়েছিল। সম্ভবত গুলি বৈদ্যুতিক তারে আঘাত করে এবং বিস্ফোরিত হয়। এ থেকে আতঙ্কের শুরু হয় এবং অনেক নারী ও শিশুসহ মানুষজন পদদলিত হতে শুরু করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েক ডজন মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া কিছু মানুষকে চিৎকার করতে দেখা গেছে।
হুতি চালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, রাজধানী সানার কেন্দ্রস্থলে পুরাতন শহরে ঘটেছে এ ঘটনা। যেখানে শত শত দরিদ্র মানুষ ব্যবসায়ীদের ত্রাণ সহায়তার অনুষ্ঠানে হাজির হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার মো. আবদেল খালেক আল-আঘরি এ ঘটনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া এলোমেলোভাবে ত্রাণ সহায়তার আয়োজনকে দায়ী করেছেন
ইউডি/এ

