গরমে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের গাউন না পরলেও চলবে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ । আপডেট ১০:০০
বাংলাদেশে টানা কয়েকদিন ধরেই দাবদাহ বইছে। একইরকম আবহাওয়া প্রতিবেশী দেশ ইন্ডিয়ার অনেক রাজ্যেও। এবার প্রচণ্ড গরমের কারণে আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৯ এপ্রিল) হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশেই এই পদক্ষেপ।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রচণ্ড গরমের কারণে আইনজীবীরা গাউন পরার হাত থেকে রেহাই চেয়ে যে আবেদন করেছিলেন, কার্যনির্বাহী প্রধান বিচারপতি তা মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গরমের ছুটি শেষে আগামী জুন মাসে আদালত খোলা পর্যন্ত আইনজীবীদের গাউন পরা থেকে ছাড় দেওয়া হবে।’
করোনা পরিস্থিতির সময়ও ইন্ডিয়া ও বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা তুলে দিয়েছিল। তবে করোনার প্রকোপ কমে যাওয়ার পর আদালত কক্ষে শুনানির সময় আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা আবার চালু হয়।
ইউডি/এ

