এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:৩০

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাস-ট্রাকের দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, শ্রীনগর উপজেলার ষোলঘর কবরস্থান–সংলগ্ন এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গুরুতর আহত আরও ১৬ জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-লৌহজং সার্কেল) মো. তোফায়েল সরকার জানান, দুর্ঘটনায় সকাল ১০টা পর্যন্ত চারজনের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading