ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক : রাষ্ট্রপতি
উত্তরদক্ষিণ । শনিবার, ২২ এপ্রিল ২০২৩ । আপডেট ০৬:০০
ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে সেজন্য দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ । রাষ্ট্রপতি বলেন, ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ-এ প্রত্যাশা করি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে পবিত্র ঈদুলফিতর আমাদের মাঝে সমাগত। আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।
তিনি বলেন, ঈদুলফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ আমাদের একটি সর্বজনীন উৎসব। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রাম-গঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। সব ভেদাভেদ ভুলে এ দিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন।
তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
রাষ্ট্রপতি বলেন, মানবতার মুক্তির দিশারি হিসেবে ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে- পবিত্র ঈদুলফিতরে এ আমার প্রত্যাশা।
ইউডি/এজেএস

