কাজের মাধ্যমে যোগ্যতার প্রমাণ রাখবেন নতুন রাষ্ট্রপতি: ওবায়দুল কাদের

কাজের মাধ্যমে যোগ্যতার প্রমাণ রাখবেন নতুন রাষ্ট্রপতি: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:১৫

কাজের মধ্য দিয়ে যোগ্যতার প্রমাণ রাখবেন নতুন রাষ্ট্রপতি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর দোয়েল চত্বরে শেরেবাংলা এ কে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাষ্ট্রপতি নতুন এসেছেন। আমরা মনে করি রাষ্ট্রপতি পরিবর্তন যে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক উপায়ে হয়েছে এটা দেশে বিরল ঘটনা। তিনি মনে প্রাণে একজন বাঙালি। গণতন্ত্র, দেশপ্রেম, সবই তার চেতনায় আছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। তার সম্পর্কে আমি এটুকু বলতে চাই, বাকিটা তার কর্মের দ্বারা তিনি প্রমাণ করবেন- তিনি কতটা যোগ্য।’

তিনি আরও বলেন, ‘সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের অবস্থান আগের মতোই থাকবে। সময়মতো ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেরে বাংলা এ কে ফজলুল হক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খাঁটি বাঙালি ছিলেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উত্থাপক ছিলেন। তার সবচেয়ে বড় অবদান এ দেশের কৃষক সমাজের জন্য, প্রজাতন্ত্র আইন পাস করেছেন। ঋণ সালিশি বোর্ড গঠন করে বাংলার ঋণে জর্জরিত কৃষক সমাজকে স্বস্তি দিয়ে গেছেন। তার এই অবদান বাংলার শ্রমজীবী কৃষক এখনো ভুলতে পারে না। শেরে বাংলাকে মনে পড়লে তার অবদানের কথা মনে পড়ে। তিনি কিছু কথা বলে গেছেন যেটা আমরা স্মরণ করতে পারি।’

তিনি বলেন, ‘শেরে বাংলাকে আমরা অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী নেতা, মানবতাবাদী নেতা হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। মানবতাবাদী অসাম্প্রদায়ীক চেতনায় তিনি কাজ করে গেছেন।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading