আগামী বছরের ১০ মার্চ বসবে অস্কারের নতুন আসর
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ । আপডেট ১৫:১৫
এখনও ‘অস্কার ২০২৩’-এর রেশ কাটেনি। এরই মধ্যে ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’-এর তরফ থেকে জানা গেল পরবর্তী অস্কারের তারিখের ঘোষণা।
গত সোমবার ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ ও ‘এবিসি’ ঘোষণা করল আগামী বছরের অস্কারের তারিখ। বিনোদন পত্রিকা ‘ভ্যারাইটি’-এর প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে বিশ্বের বিনোদন জগতের অন্যতম সেরা আসর ‘অস্কার ২০২৪’।
২০২৪ সালের অস্কারের জন্য জেনারেল বিভাগে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে ১৮ নভেম্বর, ২০২৩। এর ঠিক এক মাস পর, ১৮ ডিসেম্বর থেকে যারা বাছাই হয়ে পরের ধাপে যাবে, তাদের ভোটিং প্রক্রিয়া শুরু হবে।
১১ থেকে ১৬ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত মনোনয়নের ভোটিংয়ের সময় থাকবে। এরপর ২৩ জানুয়ারি অফিসিয়াল মনোনয়নের তালিকা ঘোষণা করা হবে। মনোনয়ন ও ফাইনাল ভোট প্রক্রিয়ার মধ্যে চার সপ্তাহের সময় থাকবে, যা ২২ ফেব্রুয়ারি শুরু হবে। হলিউডের ডলবি থিয়েটার থেকে এই অনুষ্ঠান বিশ্বের দুই শতাধিক স্থানে ‘এবিসি’-এর মাধ্যমে লাইভ দেখা যাবে।
ইউডি/কেএস

