এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ । আপডেট ১০:৩০
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী বড় এই পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছেন।
রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশের কেন্দ্রগুলোতে একযোগে এই পরীক্ষা শুরু হয়। এরমধ্যে আজ প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবার সব বিষয়েই পরীক্ষা নেওয়া হবে। রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে আগের মতোই।
শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব মতে, এবার মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।
এদিকে, পরীক্ষার্থীদের মধ্যে ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন সাধারণ শিক্ষা বোর্ড, ২ লাখ ৯৫ হাজার ১২১ জন মাদরাসা শিক্ষা বোর্ড ও ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন কারিগরি শিক্ষা বোর্ডের।
গতবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার। এ বছর প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি। আর এবার মোট কেন্দ্র ৩ হাজার ৮১০টি এবং মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি।
ইউডি/এ

