এরদোয়ানের শেষ ছক্কা, ২০ লাখ লোকে জনসমুদ্র ইস্তাম্বুল
উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ মে ২০২৩ । আপডেট ২২:০০
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের আর কয়েক দিন বাকি। নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও দেশজুড়ে সমাবেশে বক্তব্য দিচ্ছেন। ইস্তাম্বুলের এমন একটি সমাবেশ যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল। এত লোকের সমাগম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট।
নির্বাচনের আগের শেষ সাপ্তাহিক ছুটির দিকে এমন সমাবেশকে ইতিবাচক হিসেবে দেখছে এরদোয়ানের একে পার্টি। ইস্তাম্বুলের সমাবেশের ছবি দিয়ে এরদোয়ান টুইটবার্তায় বলেছেন, ‘আমি আমার সব ভাই ও বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা আমাদের ইস্তাম্বুলের ৩৯টি জেলার প্রতিটি কোণ থেকে আতাতুর্ক বিমানবন্দর নেশনস গার্ডেনে এসেছিলেন।’ আরেক টুইটে এরদোয়ান বলেন, সেন্ট ইস্তাম্বুল, আমার ভালবাসা ইস্তাম্বুল, ধন্যবাদ ইস্তাম্বুল।
ইস্তাম্বুলের মানুষের মতামতকেই তুরস্কের মতামত হিসেবে দেখা হয়। নির্বাচনের আগে শেষ সাপ্তাহিক ছুটির দিন রবিবারে এই জনসভা করলেন এরদোয়ান। আতাতুর্ক বিমানবন্দর নেশনস গার্ডেন হলো ইস্তাম্বুলের সবচেয়ে বড় মাঠ। সেখানে ১৭ লাখ মানুষ অবস্থান করতে পারেন। এরদোয়ানের এই সমাবেশ এরদোয়ানের পক্ষে ভোটের মোড় ঘুরিয়ে দেওয়ার জানান দিচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সমাবেশে প্রায় ২০ লাখ লোকের জনসমাগম হয়েছে। এটিকে এই নির্বাচনে এরদোয়ানের সবচেয়ে বড় শোডাউন। একে পার্টি এটিকে একশ বছরের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে উল্লেখ করেছে।

তুরস্কের এবারের নির্বাচন আগের চেয়ে অনেক আলাদা। বিশ্বের বড় বড় দেশ এবং প্রতিষ্ঠানগুলো তুরস্কের নির্বাচনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মনে করা হচ্ছে, আগামী একশ বছর তুরস্ক কীভাবে চলবে তা নির্ধারণ হবে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে। বিশ্ব কূটনীতিকে প্রভাব বিস্তার করা অন্যতম একটি দেশ তুরস্ক। গুরুত্বপূর্ণ পানিপথ বসফরাস প্রণালী ছাড়াও ইউরোপ এশিয়াকে সংযুক্ত করেছে অটোমান সমাজ্র গড়ে তোলা এই ভূখণ্ড।
আগামী ১৪ মে দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। একের পর এক সমাবেশে বক্তব্য দিচ্ছেন এরদোয়ান। নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন পুরো দেশ। নির্বাচনের আগে দেশজুড়ে যেন নবজোয়ার এনেছেন ৬৯ এর ‘বুড়ো’ এরদোয়ান। জানান দিচ্ছেন চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতার। লাখো মানুষ এরদোয়ানকে বরণ করে নিচ্ছে। তরুণের মতো শক্তি নিয়ে জনসংযোগ করছেন এরদোয়ান। অপরদিকে থেমে নেই বিরোধী প্রার্থীও।
এরদোয়ানের সমাবেশে জনজোয়ার দেখা দিলেও আগের ভোটের মতো এবারের ভোট যে সহজ হবে না তা জানেন এরদোয়ানও। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এরদোয়ান সমর্থকরা বলছেন- এরদোয়ানের ব্যক্তিগত জনপ্রিয়তার কাছে ভেসে যাবেন কেমাল কিরিচদারুগলু। অপরদিকে বিরোধীরা বলছেন, অঘটন ঘটাতে পারবেন কেমাল।
ইউডি/এ

