আরাভকে ফিরিয়ে আনা অসম্ভব নয়, বাংলাদেশ সবই পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ। বুধবার, ১০ মে ২০২৩ । আপডেট ১৮:০০
দুবাইয়ে পলাতক আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা অসম্ভব কিছু নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, অসম্ভব বলে কিছু নেই, বাংলাদেশ পারে না এমন কিছু নেই। দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
বুধবার (১০ মে) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের কাছে অসম্ভব বলে কিছু নেই, বাংলাদেশ সবই পারে।
পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। মঙ্গলবার (৯ মে) অস্ত্র আইনে করা মামলায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মুর্শিদ আহাম্মদের আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি রবিউল ইসলাম তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে শ্বশুরের মগবাজারের বাসায় যান। একটি গুলি ভর্তি রিভলবারসহ শ্বশুরের বাসার সামনে থেকে গ্রেফতার হন তিনি। এ ঘটনায় রবিউলের বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন ডিবি পশ্চিমের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের তৎকালীন উপ-পরিদর্শক সুজন কুমার কুণ্ডু।
আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৫ সালের ১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার। একই বছরের ১০ মে আদালত রবিউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। ওই মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ জামিন পান রবিউল। এরপর জামিনে গিয়ে পলাতক থাকায় ২০১৮ সালের ২৪ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
আট বছর আগের এই মামলায় ২৮ মার্চ তদন্ত কর্মকর্তা ডিবির এসআই শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার সবশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। মামলায় ২০ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নেয় আদালত। সম্প্রতি দুবাইয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধনের সংবাদ প্রচার হলে এই পলাতক আসামির নাম প্রকাশ্যে আসে। ক্রিকেটার সাকিব আল হাসানসহ বিনোদন জগতের তারকারা সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার পর পুলিশ জানায়, ওই জুয়েলার্সের মালিক আরাভ খানই পলাতক রবিউল।
ইউডি/এ

