বিএনপিকে সংলাপ ও নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি: ওবায়দুল কাদের

বিএনপিকে সংলাপ ও নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ মে ২০২৩ । আপডেট ১৫:০০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সংলাপ এবং নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি। এখানে প্রলোভনের ফাঁদের প্রশ্ন আসে কেন?

বুধবার (১০ মে) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর সংক্রান্ত বৈঠক ও সক্ষমতা বৃদ্ধির এক কর্মশালা শেষে এ প্রশ্ন করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়। আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহ করবে, ডেকে আনবে? আওয়ামী লীগ তাদের কোনও ফাঁদে ফেলছে না। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার—এই তিন দাবি বিএনপির। বিএনপির এসব দাবি নিয়ে বিদেশিরা একটি কথাও বলেনি। কোনও চাপ বা প্রস্তাব দেয়নি।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছিলেন, তার মা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত কি না জানা নেই। আর নির্বাচনের অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার কারণে গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, জাহাঙ্গীরের বিষয়ে দলীয় কোনও সিদ্ধান্ত হয়নি। দলীয় কোনও আলোচনা ও সিদ্ধান্তের আগে আমি কিছু বলতে চাই না।

তিনি বলেন, সে আওয়ামী লীগ করতো। সে আওয়ামী লীগের নমিনেশনে মেয়র হয়েছেন কিন্তু তার মা প্রকাশ্যে কখনও আওয়ামী করতো বলে আমাদের জানা নেই। কাজেই তার মায়ের সাথে তাকে প্রচারণায় মেলানো একটি ভিন্ন বিষয়।

আসন্ন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থী আজমত উল্লাহর বিরুদ্ধে প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর নিজের ও তার মায়ের নামে মনোনয়নপত্র সংগ্রহ করেন। রিটার্নিং অফিসার তাকে প্রার্থী হিসেবে অযোগ্য হিসেবে ঘোষণা করে ও তার মায়ের আবেদনকে বৈধতা দেয়। এখন তিনি তার মায়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

এর আগে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহন খাতে যানবাহনকে ন্যূনতম ৩০ শতাংশ ইলেকট্রিক মোটরযানে রূপান্তর করা হবে। আগামী নভেম্বরের বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০টি ডাবল ডেকার এসি বাস। এর মধ্যে ৮০টি চলবে ঢাকায়, ২০টি চট্টগ্রাম মহানগরীতে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ ও জেলা শহরেরও তা সম্প্রসারণ করা হবে।

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বিশ্বব্যাংকের কো-অপারেশন ম্যানেজার দানদান চেন, ইউনিসক্যাপের পরিবহন বিভাগের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক বিভাগীয় প্রকৌশলী মাদান বি রেগমি প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading