ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়া নিয়ে ব্রিটেনকে সতর্ক করল রাশিয়া

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়া নিয়ে ব্রিটেনকে সতর্ক করল রাশিয়া

উত্তরদক্ষিণ । শনিবার, ১৩ মে ২০২৩ । আপডেট ১৪:০০

ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে ব্রিটেনের নেওয়া সিদ্ধান্ত চলমান সংঘাতে গুরুতর বৃদ্ধির দিকে আরও একটি পদক্ষেপ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১২ মে) এক বিবৃতিতে এমনটি বলেছে।

বিবৃতিতে ব্রিটেনের এই সিদ্ধান্তকে খুবই অবন্ধুসুলভ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা সংঘাতের ক্ষেত্রে লন্ডনের বড় ধরনের সম্পৃক্ততাই প্রমাণ করে।

এর আগেও চ্যালেঞ্জার ট্যাংকের জন্য ইউক্রেনকে ইউরেনিয়াম-সমৃদ্ধ গোলা দিয়েছিল ব্রিটেন। সেটিও ভালো চোখে দেখেনি ক্রেমলিন। সে সময় ব্রিটেনের বিরুদ্ধে হুংকার দিলেও দৃশ্যত কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে দেশটি।

এবারের ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়া ইস্যুতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ব্রিটেন দৃশ্যত যেকোনো রেড লাইন অতিক্রম করতে এবং ধ্বংস ও হতাহতের ক্ষেত্রে সংঘাতকে নতুন স্তরে নিয়ে যেতে প্রস্তুত। ইউক্রেনকে তাদের দেওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা থেকে বিরত রাখতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে মস্কো। লন্ডনের এ ধরনের বেপরোয়া পদক্ষেপ ও ধ্বংসাত্মক কার্যকলাপের ক্ষেত্রে যারা জড়িত, তাদেরকেই দায় নিতে হবে।’

ক্রেমলিনের পক্ষ থেকে ব্রিটেনকে এ ইস্যুতে উপযুক্ত উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ব্রিটেনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, দেশটির ভাণ্ডারে থাকা বেশ কয়েকটি স্ট্রম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র তারা ইউক্রেনকে দিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

কিয়েভ দীর্ঘদিন ধরেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়ে আসছিল। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক গত সপ্তাহতেই বলেছিলেন যে ক্রিমিয়ায় আঘাত করার জন্য দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যেতে পারে।

২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যোগ দেয়। তবে কিয়েভ অঞ্চলটিকে নিজেদের রুশ দখলকৃত অঞ্চল হিসেবে বিবেচনা করে।

তবে ব্রিটেন দিলেও আমেরিকা স্পষ্টই জানিয়ে দিয়েছে, লন্ডনের উদাহরণ অনুসরণ করতে অনিচ্ছুক তারা। কিয়েভ আমেরিকার কাছে অ্যাটাকএমএস নামের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে। গত মার্চ মাসেই আমেরিকার জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছিলেন, আমেরিকা এমন অস্ত্র দেবে না, কারণ এতে তাদের ভাণ্ডারেই টান পড়বে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading