দ্বিতীয় দফা ভোটে এরদোয়ানই জিতবেন: মেহমেত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৬ মে ২০২৩ । আপডেট ১১:০০
তুরস্কের দ্বিতীয় দফা ভোটে রিসেপ তাইয়েপ এরদোয়ানই জিতবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন একে পার্টির এমপি মেহমেত মেহেদি একার। তার মতে, এরদোয়ানের দল যেহেতু এবারের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সুতরাং তিনি দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনেও জিতবেন।
মেহমেত মেহেদি একার দেশটির দিয়ারবাকির অঞ্চল থেকে একে পার্টির টিকেটে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি আল জাজিরাকে বলেছেন, একে পার্টি খুবই আত্মবিশ্বাসী যে এরদোয়ান ২৮ মে তারিখের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন, যদিও দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা অবস্থায় তিনি প্রথমবারের মতো এ ধরনের নির্বাচনের মুখোমুখি হয়েছেন।
তুরস্কে যদি কোনো প্রেসিডেন্ট প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না জিততে পারে, তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। এবার ১৪ মে তারিখের প্রথম দফা নির্বাচনে দেশটির কোনো দলের প্রেসিডেন্ট প্রার্থী ৫০ শতাংশ ভোট পাননি। এ কারণে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াচ্ছে।
তবে মেহমেত মেহেদি একার জানান, এবার প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগ্লু থেকে ২৫ লাখেরও বেশি ভোট পেয়েছেন। সুতরাং, তিনি দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন। এছাড়া তার রাজনৈতিক দল একে পার্টি দেশটির পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
তিনি আরও বলেন, এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগ্লু-এর নেতৃত্বে থাকা বিরোধী দলগুলোর কোনো দূরদৃষ্টি নেই। তাদের কোনো নিরেট আদর্শ নেই।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘২৮ মে তারিখে আমরা ঐতিহাসিক সাফল্য অর্জন করব।’ তিনি আশাবাদী যে ২৮ মে তারিখের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয়ী হবেন।
রোববারের নির্বাচনের পর তিনি বলেছিলেন, ‘তুরস্ক দেখিয়েছে যে তারা বিশ্বের সবচেয়ে উন্নত গণতান্ত্রিক সংস্কৃতির দেশগুলোর মধ্যে একটি।’
ইউডি/এ

