প্রিয়াঙ্কার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন পরিচালক
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ । আপডেট ১৪:৪০
বলিউডে কোণঠাসা হয়েই হলিউডে পাড়ি দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় অতিবাহিত করার পরও কম কাঠখড় পোহাতে হয়নি অভিনেত্রীকে। এমনকি কাস্টিংয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়েছিল তাকে। এবার অতীতেরই এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন দেশি গার্ল।
বলিউডের নানা বাজে অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সময়ে প্রিয়াঙ্কার মুখে নানা কথা শোনা গেছে। তবে এবার ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতি ও মন-মানসিকতা নিয়ে এমন চাঞ্চল্যকর কথা ফাঁস করলেন অভিনেত্রী, যা শুনে হতবাক হতে হয়।
এক সিনেমার শুটিংয়ের সময় পরিচালক প্রিয়াঙ্কা চোপড়ার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন। ২০০২ অথবা ২০০৩ সালের কথা। বলিউডে সদ্য পা রেখেছিলেন তখন তিনি। জনপ্রিয় প্রযোজনা সংস্থার ব্যানারে এক ছবির শুটিং চলাকালীন এমন অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাকে। কী ঘটেছিল সেদিন?
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যের কাছে সাক্ষাৎকারের সময় প্রিয়াঙ্কা চোপড়া বলেন, এক ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চলছিল। শয্যাদৃশ্যে চাদরের তলায় শুয়ে চিত্রনাট্য অনুযায়ী আমি সহ-অভিনেতাকে নিজের দিকে আকর্ষণের চেষ্টা করছি। যতটা সম্ভব রেখে-ঢেকে পোশাক খুলছিলাম। একজন নারী তাই করবে, সেটাই স্বাভাবিক। তবে মাঝখান থেকে আপত্তি জানান পরিচালক। সোজা বলেন, না-না কোনো দরকার নেই। ওর অন্তর্বাস দেখাতে হবে। নইলে এই সিনেমা কেন দেখতে আসবেন দর্শক?’
এখানেই শেষ নয়! প্রিয়াঙ্কা এ-ও যোগ করেন যে, ওই পরিচালক কথাটা সোজাসুজি অভিনেত্রীকে না বলে তার স্টাইলিস্টকে বলেন সকলের সামনে। এটা মানুষকে ছোট করা ছাড়া আর কিছুই নয়। মনে হয়ছিল, আমার অভিনয়ের কোনো দাম নেই। আমার শরীরকে কীভাবে ব্যবহার করা হবে— সেটাই এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল?
এরপরই বাবার পরামর্শে সেই ছবির প্রস্তাব ফেরান অভিনেত্রী। ওই প্রযোজনা সংস্থার কাছে গিয়ে সোজা টাকাও ফিরিয়ে দিয়ে আসেন। তবে কোন বলিউড পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ান প্রিয়াঙ্কা— সেই নাম খোলাসা করেননি।
ইউডি/কেএস

