বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান পোথাস
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ । আপডেট ২১:৪০
চুক্তির পর চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন সহকারী কোচ নিক পোথাস। এরপর বাংলাদেশে এসেই গত কয়েক দিন ধরে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের অনুশীলন করিয়ে চলেছেন। বৃহস্পতিবার (০১ জুন) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রথমবার সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেন আফ্রিকান কোচ। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান, এটাই তাঁর লক্ষ্য।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ভাবনা প্রসঙ্গে পোথাস বলেন, বাকি দলগুলো কীসের জন্য বিশ্বকাপে যায়? আমাদেরও কোনো ভিন্নতা নেই। ছেলেরা লক্ষ্যের প্রতি অবিচল। আমরা একটা বিশ্বকাপ জিততে চাই, নিজেদের গর্বিত করতে চাই। যা নিয়ন্ত্রণের বাইরে, তা নিয়ে ভাবতে চাই না। সম্ভাব্য সেরা প্রস্তুতি নেব এবং নিজেদের সেরাটা দেব।
বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করার আগ্রহের ব্যাপারে পোথাস বলেছেন, এটা মোটেও কোনো কঠিন সিদ্ধান্ত ছিল না। গত ১৮ মাস ধরে বাংলাদেশ দৃষ্টিনন্দন পারফরম্যান্স করছে। ছেলেদের সামর্থ্য আছে। গত ৬-৮ মাস ধরে দারুণ খেলছে। এদের সঙ্গে কাজ করা রোমাঞ্চকর।
ইউডি/এজেএস

