ঢাকা-১৭ আসন : উপনির্বাচন জুলাই ১৭
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ । আপডেট ২১:৩৫
সদ্যপ্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) ঢাকা-১৭ শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (০১ জুন) নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। এই উপনির্বাচনের ভোট হবে ব্যালটে।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ মে) কমিশনের ১৯তম সভায় এই আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে কমিশন। গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষে নিঃশ্বাস ত্যাগ করেন চিত্রনায়ক ফারুক। তার মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালামের জারি করা আসনটি শূন্য ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব আকবর হোসেন পাঠান (ফারুক) মৃত্যুতে একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা ছিল। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন, তিনি ছয় মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।
ইউডি/এজেএস

