তাপদাহ ভোগাবে আরও ৫ দিন

তাপদাহ ভোগাবে আরও ৫ দিন

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ জুন ২০২৩ । আপডেট ১৪:১৫

দুই জেলায় তীব্র তাপদাহ ছাড়াও দেশের বেশিরভাগ জেলাসমূহের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। যা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী ও দিনাজপুর জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি রংপুর বিভাগের অবশিষ্টাংশ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে উল্লেখিত সময়ে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, রোববার আবহাওয়া অধিদফতরের তাপপ্রবাহ সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের উপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ আরও পাঁচ থেকে ছয় দিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃষ্টি পেতে পারে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ফেনীতে সর্বোচ্চ ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিক্‌লিতে, ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে, ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় গতকাল সর্বোচ্চ ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading