বিদেশি কোনো চাপ ইসি’র ওপর নেই: সিইসি
উত্তরদক্ষিণ । বুধবার, ০৭ জুন ২০২৩ । আপডেট ১৮:৪০
জাতীয় নির্বাচন নিয়ে কোনো বিদেশি চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। বুধবার (০৭ জুন) রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি একথা বলেন।
সিইসি বলেন, বিদেশিদের তৎপরতায় কোনো চাপ অনুভব করছে না নির্বাচন কমিশন। বিদেশিদের বিষয় আমারা গায়েও মাখছি না। আইন ও সংবিধান অনুযায়ী নির্বাচন এগিয়ে নেওয়া কমিশনের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সেই কাজ করছে নির্বাচন কমিশন। তবে সরকারের ওপর চাপ থাকলেও থাকতে পারে। সেটি আমাদের বিষয় নয়।মতবিনিময়ে প্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সিইসি তাদের অভিযোগ শোনেন এবং সমাধানে নানা পরামর্শ দেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ইভিএমে হবে। এটা কঠিন কোনো বিষয় নয়, বরং বেশ সহজ। অকারণে ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। কারও কিছু বলার থাকলে আদালতে গিয়ে বলবেন। নির্বাচনে সরকারি কর্মকর্তারা নিরপেক্ষ আচরণ করবেন জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আমরা মনিটরিং করব। ব্যাপক অনিয়ম ধরা পড়লে, প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ করতে বাধ্য হব। নির্বাচনী সংস্কৃতিতে আচরণের পরিবর্তন আনার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে শতভাগ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আচরণবিধি প্রার্থীদের পালন করতে হবে। তবে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে।
ইউডি/এজেএস

