তীব্র ধোঁয়া: আমেরিকা-কানাডায় লাখ লাখ মানুষকে মাস্ক পরার পরামর্শ

তীব্র ধোঁয়া: আমেরিকা-কানাডায় লাখ লাখ মানুষকে মাস্ক পরার পরামর্শ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ । আপডেট ১৩:০০

প্রতিবেশী কানাডায় সৃষ্ট দাবানলের কারণে প্রচণ্ড গাঢ় ধোঁয়ায় ঢেকে গেছে আমেরিকার পূর্ব উপকূল। এর ফলে সেখানকার সমস্ত স্কুলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে নিউইয়র্কে বিনা পয়সায় মাস্ক বিতরণ করা শুরু হবে।

কানাডা বলেছে, মানুষ যদি ঘরে থাকতে না পারে এবং বাইরে বের হয় তাহলে তাদের মাস্ক পরা উচিত। কর্মকর্তারা বলেছেন, বিপজ্জনক এই ধোঁয়াটে অবস্থা পুরো সপ্তাহ ধরে চলতে পারে। বেশিরভাগ ধোঁয়া আসছে কুইবেক থেকে। সেখানে ১৫০টির বেশি আগুন জ্বলছে।

বুধবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটির ১৫ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এটা এরই মধ্যে কুইবেকের সবচেয়ে খারাপ আগুনের মৌসুমে পরিণত হয়েছে।

একই সঙ্গে কমে গেছে বিমানের উঠানামা এবং আমেরিকার কয়েক মিলিয়ন মানুষকে বাইরে বের না হয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস প্রায় পুরো আটলান্টিক উপকূলজুড়ে এয়ার কোয়ালিটি এলার্ট জারি করেছে। ভারমন্ট থেকে সাউথ ক্যারোলিনা এবং ওহাইয়ো থেকে কানসাস পর্যন্ত স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়। এই বিস্তীর্ণ এলাকার লোকজনকে ঘরের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, পাশাপাশি তাদেরকে সতর্ক করে বলা হয়েছে, বায়ুমণ্ডলে নানা ধরনের ময়লা ও ধূলিকণা যুক্ত থাকার কারণে এই ধোঁয়া শ্বাসযন্ত্রের ক্ষতি করতে পারে।

প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইটার বার্তায় বলেছেন, আমেরিকার জনগণ মারাত্মক রকমের বায়ু দূষণের মুখে পড়েছে। এজন্য তিনি স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরামর্শ মতো লোকজনকে চলাফেরার আহ্বান জানিয়েছেন।

আমেরিকার বেসরকারি আবহাওয়া সংস্থা আকু ওয়েদার পূর্বাভাস দিয়েছে, কানাডার দাবানল থেকে আসা ধোঁয়া প্রায় ২০ দিন ধরে আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করতে পারে। এরই মধ্যে নিউইয়র্কে এই ধোঁয়া প্রভাব ফেলেছে এবং দৃষ্টিসীমা কমে এসেছে। নিউইয়র্কের অনেকেই এই ধোঁয়ার কারণে অসুস্থ বোধ করতে শুরু করেছেন। সেখানকার অধিবাসীদের অনেকে জানিয়েছেন, ধোঁয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

সূত্র: রয়টার্স, সিএনএন, ফক্সনিউজ

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading