আর্চারিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে পদক জিতল বাংলাদেশ
উত্তরদক্ষিণ । শনিবার, ১০ জুন ২০২৩ । আপডেট ১৮:০০
এশিয়া কাপ আর্চারিতে ওয়ার্ল্ড র্যাংকিং স্টেজ-থ্রিতে পদক জিতেছে বাংলাদেশ। শনিবার (১০ জুন) রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ দল। সিঙ্গাপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতে বাংলাদেশের ছেলেরা।
হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগরের সমন্বয়ে বাংলাদেশ দল টাইব্রেকারে ব্রোঞ্জ জিতে নেয়। নির্ধারিত সেট পয়েন্ট ৪-৪ সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকিংয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার উভয় দলের খেলোয়াড়রা একবার করে তীর ছোড়েন। এতে বাংলাদেশের স্কোর হয় ২৯ আর অস্ট্রেলিয়ার হয় ২৭। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে চীন স্বর্ণ ও ইন্ডিয়া রৌপ্য পেয়েছে।
রিকার্ভে হাকিম ব্যক্তিগত বিভাগে ষষ্ঠ হয়েছেন। সাগর হয়েছেন নবম। দিয়া সিদ্দিকীও নবম হয়েছেন। অন্যরা বলার মতো কিছু করতে পারেননি। এ কারণে আরও বেশি পদক জয়ের প্রত্যাশা পূরণ হয়নি বলেছেন বাংলাদেশ আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ।
ইউডি/এজেএস

