বাংলাদেশকে কেউ আর পেছনের দিকে নিয়ে যেতে পারবে না: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । সোমবার, ১২ জুন ২০২৩ । আপডেট ১৪:১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের শিশুদের মেধা বিকাশের সুযোগ দিলে বাংলাদেশকে কেউ আর পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। রবিবার (১১ জুন) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি, টিউশন ফি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমরা যদি শিশুদের মেধা বিকাশের সুযোগ করে দিই, তাহলে কেউ এ দেশকে পেছনে ঠেলে দিতে পারবে না। অন্ধকারে ফেলে দিতে পারবে না। সরকার গবেষণা ও উদ্ভাবন বাড়াতে উপবৃত্তি দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিশুরা খুবই মেধাবী এবং তাদের মেধা বিকাশে উপবৃত্তি দেওয়া হচ্ছে, যা আমাদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে। এতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সৃজনশীল প্রতিভা অন্বেষণ মেধা বিকাশে একটি মহৎ উদ্যোগ, যেখান থেকে অনেক মেধাবী শিশু বের হয়ে আসছে। তিনি বলেন, আজ আমাদের শিশুরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছে এবং এখন তাদের উদ্ভাবনী ক্ষমতা প্রকাশ পাচ্ছে। শেখ হাসিনা শিক্ষার্থীদের কারো কাছে মাথা নত না করে বিশ্ব মঞ্চে আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে দেশকে এগিয়ে নিতে সঠিকভাবে নিজেকে গড়ে তোলার কথা বলেন। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ, এই বাংলাদেশ ও বাঙালি জাতি এগিয়ে যাবে, আত্মমর্যাদা ও আত্মসম্মান নিয়ে বিশ্ব অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা কারো কাছে মাথা নত করবো না। এটি আমাদের অঙ্গীকার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সব সময় এ কথা মনে রাখতে হবে যে এ জাতি বীরের জাতি। তারা কারো কাছে মাথা নত করে না।
স্বাস্থ্য বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে সরকার: সবদিক থেকে দেশ এগিয়ে গেলেও স্বাস্থ্যখাতের গবেষণায় আমরা পিছিয়ে রয়েছি মন্তব্য করে তিনি বলেন, স্বাস্থ্য বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে এখন আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা কৃষিতে যথেষ্ট সাফল্য অর্জন করেছি। কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এতটা করতে পারছি না। বিজ্ঞানের ক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন বলে আমি মনে করি। শিক্ষাখাতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর একটা কথা তিনি বলতেন যে দারিদ্র বিমোচনের জন্য শিক্ষাই হচ্ছে মূল হাতিয়ার। শিক্ষা ছাড়া একটা জাতি দারিদ্রমুক্ত হতে পারে না। তাই তিনি ড. কুদরতই খুদাকে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করে দেন। যাতে করে আমাদের দেশে বাস্তবমুখী শিক্ষা প্রণয়ন হয় এবং দেশের প্রতিটি মানুষ যেন শিক্ষার আলো পায়। প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষাকে তিনি (বঙ্গবন্ধু) জাতীয়করণ করে দেন। মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেন, স্কুল-কলেজগুলো আবার পুনরায় চালু হয়। শিক্ষার অর্থ ব্যয়কে তিনি মনে করতেন এটা একটা বিনিয়োগ। এদেশের মানুষ শিক্ষিত হবে, উন্নত জীবন পাবে, এটাই ছিল তার একমাত্র স্বপ্ন। আমরা তারই পদাঙ্ক অনুসরণ করে আজকে কাজ করে যাচ্ছি। আমি আজ আশাবাদী এদেশকে আর কেউ পেছনে টেনে নিয়ে যেতে পারবে না। আবার অন্ধকার যুগে নিয়ে যেতে পারবে না। গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই এদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান: শেখ হাসিনা বলেন, আমাদের শিক্ষার হার ৭৫ শতাংশে উন্নীত হয়েছে এবং আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। সারা বিশ্বে এখন জনগণের দুর্ভোগ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, যদিও বাংলাদেশের মানুষও উচ্চ মূল্যস্ফীতির কবলে পড়েছে, তবুও এখানে খাদ্যশস্য পাওয়া যায়। সরকার প্রধান বলেন, বিশ্ব পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আজকে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, গবেষণার যুগ। ২০৪১ সালের মধ্যে এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ো তোলা হবে। এই দেশে থাকবে স্মার্ট জনগণ, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সমাজ। আজকের যুগ বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার যুগ উল্লেখ করে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রতিনিয়ত পরিবর্তিত বিশে^র সাথে তাল মিলিয়ে চলার জন্যে নিজেদের প্রস্তুত করতে বলেন। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার গবেষণার ক্ষেত্র সম্প্রসারিত করেছে। সরকার সমুদ্রবিজ্ঞান গবেষণা এবং ব্লু ইকোনমিকে গুরুত্ব দিয়েছে। কারণ এটি ভবিষ্যতে দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষার্থীর বক্তৃতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি সত্যিই আশাবাদী এই দেশকে আর কেউ পিছিয়ে নিয়ে যেতে পারবে না। তিনি বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২০০৯ সাল থেকে একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশ উন্নয়নের যাত্রায় এগিয়ে যাচ্ছে।
বোমা-গ্রেনেডেও হাল ছাড়িনি বলেই দেশ এগিয়ে যাচ্ছে: নিজের পথচলা সহজ ছিল না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক চড়াই-উৎরাই, ঘাত-প্রতিঘাত, গুলি, বোমা, গ্রেনেড হামলা, অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে আমাকে। তারপরও আমি হাল ছাড়িনি। যার ফলে আজকে বলতে পারি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিএনপির সময় ক্যাম্পাসে ছিল সেশনজট, অস্ত্রের ঝনঝনানি। বোমা গুলির শব্দ না শুনে ছাত্র-ছাত্রীরা ঘুমাতে পারতো না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষাঙ্গনে আর এমন অবস্থা নাই। নিজের প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, আমি আজ আশাবাদী এদেশকে আর কেউ পেছনে টেনে নিয়ে যেতে পারবে না। আবার অন্ধকার যুগে নিয়ে যেতে পারবে না। গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই এদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শিক্ষা বিস্তারে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যেখানে আমাদের স্বাক্ষরতার হার ৪৫ শতাংশ ছিল সেটাকে আমরা ৬৫.৫ শতাংশে উন্নীত করতে সক্ষম হয়েছি। তবে আবার আট বছর পর অর্থাৎ ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে যখন সরকার গঠন করি তখন তখন আবার আমরা সেই পুরনো জায়গায় ফিরে গেছি। আবার সেই ৪৫ ভাগে চলে গেছি। ৪৫ না আরও একভাগ কম। যাই হোক তারপর আমরা উদ্যোগ নিই। সেই সাথে সাথে শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য আবার নতুন করে পদক্ষেপ নিই এবং আমরা প্রথম শিক্ষা নীতিমালা প্রণয়ন করি।
ইউডি/কেএস

