বিএনপি ভোট বর্জন করলেও জনগণ করেনি: তথ্যমন্ত্রী

বিএনপি ভোট বর্জন করলেও জনগণ করেনি: তথ্যমন্ত্রী
ড. হাছান মাহমুদ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ । আপডেট ১৯:৪৫

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট পড়ার হার তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এই নির্বাচন বর্জন করলেও জনগণ ভোট বর্জন করেনি। ভবিষ্যতে বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ব্যাপকভাবে সেসব নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সচিবালয়ে মঙ্গলবার (১৩ জুন) সাংবাদিক শিবুকান্তি দাশের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস ‘মিলিটারি এলো গ্রামে’র মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী।

আগের দিন বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগের প্রার্থীরা মেয়র নির্বাচিত হন। বিএনপি নির্বাচন বর্জন করলেও দুই সিটিতেই ৫০ শতাংশের কাছাকাছি ভোট পড়ে। সে প্রসঙ্গ ধরে হাছান মাহমুদ বলেন, দুই নগরে ‘অত্যন্ত শান্তিপূর্ণভাবে’ ভোট হয়েছে; মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছে। বরিশালে ৫০ শতাংশের বেশি আর খুলনাতে ৫০ শতাংশের কাছাকাছি ভোট কাস্ট হয়েছে। এতে একটি জিনিস প্রমাণিত হয়েছে। বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করে না। আমার মনে হয় বিএনপির এই ভোট থেকে এই শিক্ষাটা নেওয়ার প্রয়োজন রয়েছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি ভোট বর্জন করেছে, তাদের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে, তাদের দলীয় কর্মীদের ভোটে অংশগ্রহণ করতে নিষেধ করেছে। কিন্তু দেখা গেছে তাদের দলীয় নেতাকর্মীরা দুটি সিটি করপোরেশনে ভোটে প্রার্থী হয়েছে এবং জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে। এতে এটাই প্রমাণিত হয়েছে, বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করে না। ভবিষ্যতেও যদি বিএনপি ভোট বর্জন করে জনগণ কিন্তু ব্যাপকভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে হেরে যাওয়া ইসলামী আন্দোলন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। এ নিয়ে এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। কিন্তু যারা বিজয়ী হয়েছে, তারা তাদের চেয়ে প্রায় তিনগুণের কাছাকাছি ভোট পেয়েছে। এতে তারা বুঝতে পেরেছে যে আগামী দুই নির্বাচনেও তাদের কোনো ভরসা নেই। সেজন্য পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এই ঘোষণা দিয়েছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading