আইনশৃঙ্খলার জন্য রোহিঙ্গারা বড় হুমকি: মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ । আপডেট ২০:১৫
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি হিসেবে দেখছে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ভাষায়, রোহিঙ্গারা নানা অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হলেও মানবিক কারণে তাদের উপর কঠোর হওয়া যাচ্ছে না। আবার দেশের আইনে এ বিদেশিদের বিচারও করা যাচ্ছে না। সচিবালয়ে মঙ্গলবার (১৩ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রোহিঙ্গাদের নিয়ে আলোচনা ওঠে। এদিনই উখিয়ায় শরণার্থী শিবিরে নিজেদের মধ্যে গোলাগুলিতে একজন রোহিঙ্গা নিহত হন।
দমন-পীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১২ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। তাদের অধিকাংশই রয়েছে সীমান্ত জেলা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায়। অল্প সংখ্যককে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হলেও সেখানে যেতে অনীহ রোহিঙ্গারা।মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী মোজাম্মেল হক বলেন, আমাদের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার, মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা এসে এদেশে আশ্রয় নিয়েছে, প্রধানমন্ত্রী সদয় হয়ে আশ্রয় দিয়েছেন, তারা আইনশৃঙ্খলার প্রতি খুবই হুমকিস্বরূপ। নিজেরা আইনশৃঙ্খলা মানতে চায় না। তাদের জন্য ভাসানচরে থাকার ব্যবস্থা হয়েছেৃ সেখানে যে সুব্যবস্থা আছে, সেখানেও তারা যাচ্ছে না। কমিটি রোহিঙ্গাদের নিয়ে উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, সেখানে মাদক, নাশকতা ইত্যাদি বন্ধ করা যাচ্ছে না। আমরা ওদেরকে আইডি কার্ড না দিলেও ওরা যেভাবেই হোক সিম কার্ড এনে ব্যবহার করে। আমাদের দেশ থেকে পাচ্ছে না, কিন্তু মিয়ানমার থেকে সিম কার্ড এনে সেগুলো ব্যবহার করে। তারা অত্যন্ত আনরুলি আপনারা দেখেছেন।
রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত পড়ার বিষয়টি তুলে তিনি বলেন, সেখানে বিভিন্ন স্থানীয় ক্রাইমের সাথে, জাতীয় ক্রাইমের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলছে এবং নিজেদের মধ্যেও মারামারি, হানাহানি, মাদক ইত্যাদি নিয়ে যেভাবে আছে, মানবিক কারণে কিছু বলাও যায় না। যেহেতু তারা আশ্রিত, আমাদের দেশের আইন দিয়ে তাদের গ্রেপ্তারও করা যায় না, বিচারও করা যায় না। কারণ তারা তো আমাদের দেশের নাগরিক না। তাদেরকে বিচার করা, গ্রেপ্তার করার দেশে কোনো আইন নেই। কিছু করাও যায় না আইনানুগভাবে।
ইউডি/এজেএস

